শিরোপা নিয়ে আশাবাদী মানচিনি

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৬
সার্জিও অ্যাগুয়েরোর সমতাসূচক গোলে বর্তমান ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি গত রবিবার ইত্তিহাদ স্টেডিয়ামে লিভারপুলের বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছেড়েছে। এই ড্রয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সিটি এখন নয় পয়েন্ট পেছনে। এছাড়া অপর ম্যাচে টটেনহ্যাম স্বাগতিক ওয়েস্টব্রুমউইচ আলবিয়নকে ১-০ গোলে হারিয়ে দেয়। ২৫ খেলা শেষে ইউনাইটেড ৬২ মিনিট নিয়ে শীর্ষে অবস্থান করছে। টটেনহ্যাম ৪৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। টটেনহ্যামকে জয়সূচক গোলটি এনে দেন গ্যারাথ বেল ম্যাচের ৬৭ মিনিটে। সিটির এডিন জেকো ২৩ মিনিটে সিটিকে এগিয়ে দেন। ড্যানিয়েল স্টুরিজ লিভারপুলকে সমতায় ফেরান ছয় মিনিট পরেই। স্টিফেন জেরার্ড ৭৩ মিনিটে দলকে এগিয়ে দিয়েছিলেন। লিভারপুল ২-১ গোলে এগিয়ে যায়। আর্জেন্টিনার সিটি তারকা অ্যাগুয়েরো পাঁচ মিনিট পরেই গোল শোধ করে দেন। এই ড্রতে আরও একটু পিছিয়ে পড়লেও সিটির ম্যানেজার রর্বাতো মানচিনি শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমরা ভাল খেলতে পারিনি। গত মাসে আমরা সব ম্যাচে ভাল খেলেছি। আমরা এই ম্যাচে নার্ভাস হয়ে গেলাম,কেন জানি না। শিরোপা লড়াই কি শেষ? না। সাত ও নয় পয়েন্ট ব্যবধানে কোন কিছু বদলে যায়নি। আমি মনে করি আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারবো।’ ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবারের ফল ওয়েস্টব্রুমউইচ আলবিয়ন ০ টটেনহ্যাম ১ ম্যানচেস্টার সিটি ২ লিভারপুল ২