প্রতিবন্ধী ফজলের প্রত্যাশা একটি হুইল চেয়ার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৭
রাস্তায় রাস্তায় ভিক্ষা করে শারীরিক প্রতিবন্ধী ফজল সিকদার। ওর প্রয়োজন একটি হুইল চেয়ার । কিন্তু টাকার অভাবে আজ পর্যন্ত হতভাগা ফজল একটি হুইল চেয়ার যোগাড় করতে পারেনি। উপজেলার পুষ্টকামুরি গ্রামে ফজল সিকদারের বাড়ি । তার পিতার নাম শুকুর আলী। রবিবার মির্জাপুর বাজারের রাস্তায় রাস্তায় ফজলকে লাঠি ভর করে ভিক্ষা করতে দেখা গেছে। অসহায় ফজল জানায়, দুই ভাইয়ের মধ্যে সে ছোট। বাবা দিনমজুরের কাজ করে এবং অপর ভাই হালিম রিকশা চালায়। অভাব-অনটনের সংসারে ফজলের যেন ঠাঁই নেই। তাই সে ভিক্ষা করেই জীবন চালানোর চেষ্টা করে। জন্মের পর তার শারীরিক গঠন ভাল ছিল। চলাফেরা করতে পারতো। ১৯৮২ সালে তার টাইফয়েড জ্বর হয় । চিকিত্সা না হওয়ায় তার দু’টি পা ও শরীর বিকল হয়ে যায়। অনেকের কাছে চেয়েছে একটি হুইল চেয়ার। একটি হুইল চেয়ার হলে সে ভাল ভাবে চলতে পারবে বলে সে কান্নাজড়িত কণ্ঠে জানায়। তাই বিত্তজনদের কাছে একটি হুইল চেয়ারের দাবি জানিয়েছে অসহায় ফজল সিকদার।