ইংল্যান্ডসেরা জেরার্ড

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৭
বছরে দ্বিতীয়বারের মতো ইংল্যান্ডের বর্ষসেরার পুরস্কার জিতলেন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার স্টিভেন জেরার্ড। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ওয়েবসাইটে সমর্থকদের দেয়া ভোটে বিজয়ী নির্বাচন করা হয়। পুরস্কার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ড্যানি ওয়েলবেক ও তৃতীয় স্থানে চেলসির অ্যাশলি কোল। লিভারপুলের ৩২ বছর বয়সী তারকা জেরার্ড পুরস্কার জয়ের পর বলেন, ‘তালিকায় আরও যারা ছিলেন তাদের সাথে লড়াই করে শীর্ষে উঠে আসার ব্যাপারটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই এই পুরস্কার নিয়ে আমি খুবই গর্বিত। সতীর্থ এবং দলের কোচ যখন আমার উপর ভরসা রাখেন তখন সত্যিই ভালো লাগে। আর এই কারণে আমার আত্মবিশ্বাসের কখনই ঘাটতি হয় না।’ জেরার্ডের হাতে পুরস্কার তুলে দেন কিংবদন্তিতুল্য ইংলিশ ফুটবলার ববি চার্লটন। মেয়েদের মধ্যে এই পুরস্কার জয় করেন আর্সেনালের স্টেফানি হফটন। জেরার্ড বলেন, ‘এ বছর নিজের ধারাবাহিকতায় আমি খুশি। আগের বছরগুলোতে এমনটা হয়নি। তাই বছরটা ভালোই কেটেছে বলা যায়।’ এর আগে ২০০৭ সালেও এই পুরস্কার জয় করেন জেরার্ড। ২০১২ সালের ইউরোতে তার নেতৃত্বেই অংশ নেয় ইংল্যান্ড।