বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা আগের চেয়ে উপভোগ্য হয়ে উঠছে তামিম ইকবালের কাছে। কালকের ফিফটিসহ এ পর্যন্ত তিনটি ফিফটি করেছেন, রানও পাচ্ছেন, দলও জিতছে। কিন্তু কালকেরটি তিনি সবচেয়ে বেশি উপভোগ করেছেন বলে বলছেন। গত বিপিএলে যেমন কোন ম্যাচ খেলার সুযোগ পাননি; এবার চিত্রটি ভিন্ন। খেলেছেন সবগুলো ম্যাচ। কাল ম্যাচ শেষে উচ্ছ্বসিত কণ্ঠে তামিম বললেন, ‘গত বিপিএল আমি মোটেও উপভোগ করতে পারিনি। কিন্তু আমি এবার বেশ এনজয় করছি’।
তামিমের উপভোগের কারণও রয়েছে। গতকাল সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সকে ৭ উইকেটে হারিয়েছে তার দল দুরন্ত রাজশাহী। এই জয়ে তামিমের অবদান ৩৬ বলে ৫০। রংপুরের ১৬৩ রানের জবাবে শুরু থেকে চার্লস কভেন্ট্রিকে (৩৫ বলে ৪৭) সঙ্গে নিয়ে যে সাবলীল ব্যাটিং করেছেন, তাতে মনে হয়নি এই ম্যাচে কোথাও তাদের উপর চাপ ভর করছে। কালকের জয় নিয়ে রাজশাহীর ভান্ডারে জমা পড়েছে মাত্র চারটি জয়; আট ম্যাচের মধ্যে।
এই জয়ের পরও রাজশাহী চাপমুক্ত নয়। তামিম স্বীকারও করেছেন কিন্তু সেটাকে বুঝতে দেননি, ‘দেখুন, সব ম্যাচেই চাপ থাকে। সেটা ঘরোয়া ক্রিকেট হোক কিংবা আন্তর্জাতিক ক্রিকেট হোক। আমি চাপের মধ্যে খেলছি, ভালো খেলার চেষ্টা করছি’।
কভেন্ট্রিকে সঙ্গে নিয়ে তামিম উদ্বোধনী জুটিতে ৯৫ রানের পার্টনারশীপ গড়ে তুলেন। দলকে জয়ের পথে নিয়ে গেছে আসলে এই জুটিই। তবে সেমিতে যেতে হলে আরো ম্যাচ জেতা প্রয়োজন। এই কারণে সবগুলো ম্যাচই ভালো খেলার ব্যাপারে আশাবাদী তামিম, ‘সেমিতে যেতে হলে আমাদের আরো দুই-তিনটি ম্যাচ জেতা প্রয়োজন। আমাদের সামনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। আমাদের সবগুলো ম্যাচই ভালো খেলতে হবে’।
এই ম্যাচে রংপুরের হার কঠিন করে দিল তাদের শেষ চারে যাওয়ার। কাল টপ অর্ডাররা ভালো ব্যাটিং করায় দলের রান ১৬৩ রান উঠেছে। তবুও ম্যাচটি হেরে যাওয়ায় কঠিন হয়ে গেল শেষ চারে যাওয়ার। অবশ্য দলের ব্যাটসম্যান নাসির হোসেন তা মনে করছেন না, ‘আমরা এখনো শেষ চারে যাওয়ার অপেক্ষায় আছি। আমরা আশা ছাড়িনি’। দলের ব্যাটিং বিপর্যয়ের কারণে বিগত ম্যাচগুলো হেরেছে রংপুর। সাত ম্যাচে এটি তাদের চতুর্থ হার।
রংপুরের এই পারফরম্যান্সের পেছনে অনেকে নানা ধরনের পেছনের ঘটনা খুঁজে পাচ্ছেন। কেউ কেউ বলছেন, টিম ম্যানেজমেন্টে এক ধরনের সমন্বয়হীনতা চলছে। নাসির অবশ্য এসব অস্বীকার করেছেন, ‘আমাদের ভিতরে কোন সমস্যা নেই। টিম ম্যানেজম্যান্ট আমাদেরকে স্বাধীন করে দিয়েছে। ড্রেসিংরুমের অবস্থা বরাবরের মত ভালো। আসলে চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। কাল আমাদের ১৫ থেকে ২০ রান কম হয়েছে। এটা ব্যাটিং উইকেট ছিল কিন্তু পারিনি’।
