আন্তর্জাতিক গ্যালারির বেশিরভাগ অংশ ফাঁকা। শুধু আন্তর্জাতিক গ্যালারির নয়, কাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গ্যালারির বেশিরভাগ অংশই ফাঁকা ছিল। খুলনা ও চট্টগ্রামে দর্শকদের সমাগম দেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যানেজম্যান্ট আশা করেছিল বিপিএলের শেষভাগে দর্শকরা মাঠমুখী হবে। কিন্তু দৃশ্যত তার উল্টোটি ঘটেছে। গতকাল সোমবার রংপুর রাইডার্স ও খুলনা রয়েল বেঙ্গলসের মধ্যকার ম্যাচ চলাকালীন ২৬ হাজার আসনবিশিষ্ট মাঠে দর্শক হয়েছে মাত্র পাঁচ হাজার। এমনকি মাঠে দর্শক টানতে ম্যাচের নির্ধারিত সময় এক ঘন্টা পিছিয়ে দেয়ার পরও মাঠে দর্শকদের অনাগ্রহতাই ফুটে উঠেছে।
কাল এ প্রসংগে বিপিএলের ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠান গেম অন স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন গাঙ্গুলী বলেন, ‘ম্যাচের সময় এক ঘন্টা পিছিয়ে দেয়ার কারণে মাঠে দর্শক হয়েছে। যতটুকু দর্শক হয়েছে সেটা সময় পিছিয়ে দেয়ার কারণেই। আপনি বিপিএলের প্রথমদিকের কথা ভাবুন, সেখানে দর্শক মোটেও ছিল না। কিন্তু আশানুরূপ আজ (কাল) দর্শক হয়েছে’।
২৬ হাজার দর্শক ধারণ ক্ষমতার মধ্যে মাঠে উপস্থিত মাত্র পাঁচ হাজার দর্শক, এটাকেও আশানুরূপ বলছেন গেম অন স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক! জানা গেছে, পাঁচ হাজার দর্শকের মধ্যে দুই হাজার দর্শক মাঠে ঢুকেছেন সৌজন্য টিকিটের মাধ্যমে। বাকি তিন হাজার দর্শক টিকিট কিনে মাঠে প্রবেশ করেছেন। তবে বিপিএলের এখনো টিকিটের উচ্চ মূল্যকেও অনেকে দায়ী করেছেন। যদিও এই বিষয়টি মানতে নারাজ গেম অন স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক, ‘দেখুন, চট্টগ্রাম ও খুলনায় দর্শক হয়েছে তার কারণ তাদের বিনোদনের কোন জায়গা নেই। ক্রিকেট ম্যাচকেই তারা বিনোদনের অংশ হিসেবে নিয়ে থাকে। আর ঢাকা তো প্রধান শহর। এখানে লোকজন অনেক কিছু দিয়ে বিনোদন করতে পারে। আসলে দর্শক মাঠে আসবে। আমাদের প্রচারের কোন ঘাটতি নেই। আমরা চেষ্টা করছি বিপিএলের শেষদিকে প্রচুর দর্শক হবে’।
এদিকে জামায়াতের ডাকা আজ সকাল-সন্ধ্যা হরতালেও বিপিএলের খেলা বন্ধ থাকবে না বলে জানিয়েছেন গেম অন স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক, ‘হরতালে যদি ম্যাচ পিছিয়ে দেই, তাহলে আমাদের সবকিছু পরিবর্তন করতে হবে। তাই ম্যাচ পিছিয়ে দেয়ার কোন কারণ নেই’। উল্লেখ্য, আজ নির্ধারিত বিকাল সাড়ে তিনটায় বিপিএলের ম্যাচ অনুষ্ঠিত হবে।
