এখনো খেলোয়াড়রা টাকা পায়নি!

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৯
যতটা গোছালোভাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসর করার কথা ছিল দৃশ্যত, তা হচ্ছে না বলেই মনে হচ্ছে। এখনও পর্যন্ত অভিযোগ উঠছে যে, খেলোয়াড়রা প্রতিশ্রুত পরিমাণে টাকা পায়নি। প্রশ্নটি শুনে বিসিবির শীর্ষ এক কর্মকর্তা বলে ফেললেন, ‘এখানে কেউ কাউকে সহায়তা করছে না। ফ্রাঞ্চাইজিদের বোঝানো যাচ্ছে না। তাদের বোঝানো গেলেও গেম অনের কাছ থেকে সহায়তা পাওয়া যাচ্ছে না। আবার গেম অন ও ফ্রাঞ্চাইজিদের মধ্যে সমন্বয়ের অভাবও ফুটে উঠছে’। আর এ সবকিছুতে সবচেয়ে বেশী ভুগছেন খেলোয়ড়রা। বিপিএল শুরুর আগে খেলোয়াড়দের শতকরা ২৫ ভাগ টাকা পরিশোধের কথা থাকলেও এখন পর্যন্ত বেশিরভাগ খেলোয়াড়ই তাদের পাওনা পায়নি। নতুন সময় অনুযায়ী আজ মঙ্গলবারের মধ্যে ফ্রাঞ্চাইজিরা খেলোয়াড়দের শতকরা ২৫ ভাগ টাকা পরিশোধের কথা। কিন্তু কাল সন্ধ্যা পর্যন্ত দুটি ফ্রাঞ্চাইজির টাকা বিসিবি বুঝে পায়নি বলেই জানা গেল। নাম প্রকাশে অনিচ্ছুক বিপিএল গভর্নিং কাউন্সিলরের এক কর্মকর্তা বলেন, ‘আমরা বার বার তাগাদা দিচ্ছি। কিন্তু কোন লাভ হচ্ছে না। খেলার স্বার্থে তাদেরকে বার বার সময় দিচ্ছি। আমরা খেলোয়াড়দের টাকা পরিশোধের দায় নিয়েছি। ফ্রাঞ্চাইজিরা না দিলে তো আমাদেরকেই সেটা পরিশোধ করতে হবে। এখন দেখি সভাপতি সাহেব কি সিদ্ধান্ত দেন’। তার হতাশ করা কথাবার্তাই বলে দিচ্ছে ফ্রাঞ্চাইজিদের কাছে তারা কতটা অসহায়। এমন অসহায়ত্বের কথা স্বীকারও করেছেন রংপুর রাইডার্সের অন্যতম খেলোয়াড় নাসির হোসেনও। কাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পরিষ্কার করে বললেন, ‘চুক্তি মোতাবেক আমরা এখনো কোন টাকা পাইনি। অথচ আমরা কাল (আজ) চুক্তিপত্রে সই করতে যাচ্ছি। দল মালিকরা বলছে, বিসিবির কাছে তারা চেক দিয়ে দিয়েছে। কিন্তু আমাদের কাছে টাকা আসেনি’। বিসিবির কাছে যদি ফ্রাঞ্চাইজিরা চেক দিয়ে দেয়, তাহলে বিসিবি কেন টাকা দিতে গড়িমসি করছে? নাম প্রকাশ না করার শর্তে বিসিবির শীর্ষ কর্মকর্তা বলেন, ‘সব ফ্রাঞ্চাইজির কাছ থেকে পুরো টাকা না পাওয়া পর্যন্ত বিসিবিও টাকা দিতে পারছে না। কেউ টাকা পাবে কেউ পাবে না, এমনটা হলে তো বৈষম্য সৃষ্টি হবেই। তবে আশা করছি কাল (আজ) সব ফ্রাঞ্চাইজির চেক আমাদের কাছে এসে পৌছাঁবে’।