আপন ভূবনে আবার দুরন্ত মারিও বালোতেল্লি। না, এবার আর মাঠের বাইরের বিতর্ক নয়। দীর্ঘদিন পর ইটালিতে ফিরেই মাঠে ঔজ্জ্বল্য ছড়ালেন বালোতেল্লি। ম্যানচেস্টার সিটি ছেড়ে এসি মিলানে ফেরা বালোতেল্লি ক্লাবের হয়ে প্রথম ম্যাচেই জোড়া গোল করে জয় এনে দিলেন দলকে।
মাঠের বাইরে একটার পর একটা বিতর্ক তার সঙ্গী। সর্বশেষ প্রিয় কোচ রবার্তো মানচিনির সঙ্গেও বড় ধরনের গোলমাল করেছেন। অবশেষে ম্যানচেস্টার সিটিই ছেড়ে চলে আসতে হয়েছে এসিমিলানে। সন্দেহ ছিল, ইটালিতে ফিরে কতোটা কী করতে পারেন। কিন্তু মিলানে এসে প্রমাণ করে দিলেন ২২ বছর বয়সী এ ফুটবলার তিনি কি করতে পারেন। গত রবিবার সান সিরোতে ইটালির আন্তর্জাতিক এ খেলোয়াড় মিলানের হয়ে অভিষেকেই খেলতে নেমে করলেন জোড়া গোল। সে সাথে মিলান ২-১ গোলে হারায় উদিনেসকে। যদিও অতিরিক্ত সময়ে বালোতেল্লির জয়সূচক গোলটি নিয়ে বেশ শোরগোল হয়েছে।
পুলিশ এসে শেষে রেফারিকে রক্ষা করেন। কারণ উদিনেসের সমর্থকরা মারমুখি হয়ে উঠেছিল। রেফারির সিদ্ধান্তটা নিয়ে বেশ জোর সমালোচনা চলছে। ইটালির স্ট্রাইকার বালোতেল্লি ম্যাচের ২৫ মিনিটে স্টিফেন এল শারওয়ের কাছে ক্রসে বল পান ছয় মিটার দূর থেকে। বক্সের ভেতরে বাঁ পায়ের শক্তিশালী শটে বল উদিনেসের জালে জড়িয়ে দিয়ে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে যান ‘ব্যাডবয়’ উপাধি পাওয়া বালোতেল্লি।
শেষ গোলটি এসেছে পেনাল্টি থেকে। রেফারি মনে করেছেন স্টিফেন এল শারাওয়েকে আটকে দেয়া হয়েছিল বক্সে। পেনাল্টি থেকে গোল করেন বালোতেল্লি এবং আবারো একই ভঙ্গিতে তার গোল উদযাপন। গিয়ামপিয়েরো পিঞ্জি উদিনেসের সমতাসূচক গোলদাতা। ৫৫ মিনিটে তার গোলে সমতায় ফিরেছিল উদিনেস।
