সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিত্র রাশিয়া ও ইরানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সমালোচনার মুখে পড়েছেন দেশটির বিরোধীদলীয় জোটের নেতা মুয়াজ আল খতিব। বিরোধীদলীয় অন্যান্য নেতাদের আশ্বস্ত করার উদ্দেশ্যে তিনি রবিবার তড়িঘড়ি করে জার্মানির মিউনিখ থেকে সিরিয়ার সম্মিলিত বিরোধীদলের প্রধান কার্যালয় কায়রো রওনা হয়েছেন।
নিজ দলের নেতাদের খতিবের সিদ্ধান্তে সন্দেহ হলেও তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদ্বয় এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। তারা আসাদ সরকারের সঙ্গে খতিবের আলোচনা করার ইচ্ছা প্রকাশকে সিরিয়ার দু’বছরের গৃহযুদ্ধ অবসানে একটি বড় ধরনের পদক্ষেপ বলে চিহ্নিত করেছেন। মিউনিখে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনেই খতিব রুশ ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন।
সিরিয়ার সম্মিলিত বিরোধী দলের ১২ সদস্যের কমিটির অন্যতম সদস্য ওয়ালিদ আল বুন্নি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আল খতিবের বৈঠক ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন। খতিবের সিদ্ধান্তের ব্যাখ্যা জানার জন্য কায়রোর দপ্তরে ৭০ দলীয় বিরোধী জোট একটি বৈঠকের আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বুন্নি।
