দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সামরিক মহড়া
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সোমবার যৌথ নৌ মহড়া শুরু করেছে। এ মহড়ায় যুক্তরাষ্ট্রের একটি পরমাণু সাবমেরিন অংশ নিয়েছে। এদিকে উত্তর কোরিয়ার সম্ভাব্য পরমাণু পরীক্ষার আগে কোরীয় উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দক্ষিণ কোরিয়ার পোহাং বন্দরের কাছে পূর্বসাগরে (জাপান সাগর) তিন দিনব্যাপী সামরিক মহড়া চালানোর খবর নিশ্চিত করেছেন। উত্তর কোরিয়া এ সামরিক মহড়াকে উস্কানিমূলক আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছে। এদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা জোর দিয়ে বলেন, তাদের এ যৌথ সামরিক মহড়া পূর্ব নির্ধারিত।—এএফপি
অসুখী শৈশব হূদরোগের ঝুঁকি বাড়ায়
শিশুকাল দুঃখ-যাতনার মধ্য দিয়ে পার হলে মাঝ বয়সে ঐসব মানুষের হূদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এ আশঙ্কা বেশি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। গবেষকরা বলছেন, ৭ বছর বয়সী শিশুরা দুঃখ-কষ্টসহ দীর্ঘস্থায়ী যাতনার শিকার হলে পরবর্তী জীবনে তাদের হূদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। কিন্তু বিপরীতে যারা আদর-যত্নের মধ্য দিয়ে শৈশব পার করে বয়সকালে তাদের হূদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও থাকে কম। ৩শ’ ৭৭ জন প্রাপ্ত বয়স্কের ওপর গবেষণাটি পরিচালনা করা হয়েছে। গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘এপিডেমিওলজি এন্ড কমিউনিটি হেলথ’ জার্নালে।
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত ৮
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় কমপক্ষে আটজন নিহত ও অপর ২৭ জন আহত হয়েছে। কেএবিসি টেলিভিশন জানায়, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ইউসাইপা শহরের উত্তরাঞ্চলীয় একটি পল্ল¬ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। বাসটি মেক্সিকোর তিজুয়ানা থেকে যুক্তরাষ্ট্রের বিগ বিয়ার লেকে যাচ্ছিল। এটি সান বার্নার্ডিনোর উত্তর-পূর্বাঞ্চলীয় জনপ্রিয় পার্বত্য পর্যটন কেন্দ্র।—এএফপি
