শ্রীপুর মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমানসহ তার ৩ সহযোগী স্টাফকে ৩ ফেব্রুয়ারি রাত ৯টায় স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এ ব্যাপারে গাজীপুর পুলিশ অফিস ও শ্রীপুর থানা পুলিশ এর সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, র্যাব থেকে সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান শ্রীপুর মডেল থানায় যোগদান করার পর থেকেই চাঁদাবাজি, জমি দখল, প্রতিপক্ষের সাথে কোন্দল, চোখ হাত-পা বেঁধে মারপিট, ঘুষ, দুর্নীতিসহ বিভিন্ন লিখিত অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠিত হয়।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিব কুমার রায় তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাকে রবিবার রাতে স্ট্যান্ড রিলিজ করে গাজীপুর পুলিশ লাইনে পাঠানো হয়। সম্প্রতি এএসপি মিজানুর রহমান উপজেলার নয়নপুরে ডিবিএল কোম্পানীর সাইড সুপার উত্তম রায়, স্টোর কিপার নুরুল ইসলাম ও লেবার ঠিকাদার সুজন মিয়াকে আটক করে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে। দিতে অপারগতা প্রকাশ করায় থানায় এনে তাদের চোখ বেঁধে লোহার রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙ্গে ফেলে। আহতরা বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছে। এ ব্যাপারে এএসপি মিজানুর রহমানের সাথে কথা বলতে চাইলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
