নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও নব মনোনীত সভাপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা। এ দাবিতে গত এক সপ্তাহ যাবত্ কলেজের একাডেমিক ভবনে তালা দেয়া, মানববন্ধন, স্মারকলিপি পেশ ও মিছিল-সমাবেশ করে আসছেন তারা। গত রবিবার সকালে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে জোনাইল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জোনাইল কলেজে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবহান হারেজ, কলেজের সহকারী অধ্যাপক শামীম রেজা, ম্যানেজিং কমিটির সদস্য তোফাজ্জল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, কলেজের অধ্যক্ষ গভর্নিং বডির সদস্যদের না জানিয়ে অতীতের মতই কলেজের বিভিন্ন তহবিলের অর্থ তসরুপসহ দুর্নীতি করার হীন উদ্দেশ্যে পার্শ্ববর্তী গুরুদাসপুর উপজেলা সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলামকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সভাপতি করিয়ে নিয়েছেন। তারা অবিলম্বে সভাপতির অপসারণ ও অধ্যক্ষের পদত্যাগ দাবি করেছেন। অন্যথায় কলেজের স্বার্থে বৃহত্তর গণ-আন্দোলনের ডাক দেয়া হবে বলে তারা হুঁশিয়ারি জানান। অধ্যক্ষ আবুল আসর মোহাম্মদ শফিউজ্জামান বিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়ম অনুযায়ী সভাপতি করা হয়েছে। এতে কোন অনিয়ম হয়নি।
