ঠাকুরগাঁওয়ে বিএনপি ও আওয়ামী লীগ সংঘর্ষ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৫
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে বিএনপির ডাকা হরতাল চলাকালে ঠাকুরগাঁওয়ে বিএনপি ও আওয়ামী লীগের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়েছে। ঘন্টাব্যাপী সংঘর্ষে দফায় দফায় ধাওয়া ও পাল্টা ধাওয়া চলে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়। গতকাল সোমবার সকাল ১১টায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ হরতাল-বিরোধী একটি মিছিল বের করার প্রস্তুতি নিলে বিএনপির নেতাকর্মীরা তাদের চ্যালেঞ্জ করে। এসময় আওয়ামী লীগ সমর্থকরা বিএনপির মিছিলে ইট নিক্ষেপ করলে উভয়ের মাঝে সংঘর্ষ বাঁধে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অর্ধশতাধিক টিয়ার শেল নিক্ষেপ করে। একপর্যায়ে বিএনপির কর্মীরা আওয়ামী লীগের অফিসে হামলা চালায়। বর্তমানে শহরে থমথমে উত্তেজনা বিরাজ করছে। শহরের চৌরাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনান জানান, ছাত্রলীগের সন্ত্রাসীরা তার বাড়িতে হামলা চালিয়ে মহিলা পিকেটারদের মারধর করে। অপরদিকে আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আপেল জানান, তারা দলীয় কর্মসূচির অংশ হিসেবে হরতাল-বিরোধী মিছিল বের করলে যুবদলের সন্ত্রাসীরা তাদের মিছিলে হামলা চালায়।