মহেশখালীতে আওয়ামী লীগ নেতা খুন

খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৮
কক্সবাজারের মহেশখালীর পৌর আওয়ামী লীগ নেতা আবু বক্কর ছিদ্দিক খুন হওয়ার ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে গত রবিবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চত্বরের মহেশখালী নাগরিক কমিটির ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, রাজনৈতিক দলের নেতা-কর্মী, সুশিলসমাজ, শিক্ষক, কিশোরী অধিকার ফোরাম, রিকশা শ্রমিক ও বিধবা নারীসহ তিন হাজারের অধিক মানুষ এতে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, কিছু ক্ষমতালোভি রাজনৈতিক দলের ইন্ধনে সন্ত্রাসীরা প্রকাশ্যে হামলা চালিয়ে জনপ্রিয় আওয়ামী লীগ নেতা আবু বক্কর ছিদ্দিক নিহত হয়েছেন। কিন্তু হত্যাকান্ডের ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ এখনো অধিকাংশ আসামিদের গ্রেপ্তার করতে পারেননি। তাই অনতিবিলম্বে বক্কর হত্যাকান্ডের জড়িতদের গ্রেপ্তারসহ ওই ঘটনার পেছনে জড়িত গড ফাদারদের চিহ্নিত করার জন্য প্রশাসনের প্রতি জোরদাবি জানান। সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা: নুরুল আমিন, সাবেক পৌর মেয়র সরওয়ার আজম, মুক্তিযোদ্ধা কমান্ড সালেহ আহমদ, সাবেক চেয়ারম্যান শামসুল আলম, মহেশখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জসিম উদ্দীন, উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ শাহাজাহান, সাবেক মেম্বার বাদশা মিয়া, নিহতের স্ত্রী হাছিনা বেগম, আবু ছিদ্দিক, সাংবাদিক মাহবুব রোকন ও আবুল বশর পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি উপজেলার কুতুবজুমের দৈলার পাড়ায় একটি চায়ের দোকানে সন্ত্রাসী হামলায় নির্মমভাবে নিহত হন আবু বক্কর ছিদ্দিক।