বরিশাল বিএম কলেজের অধ্যক্ষকে খুলনা বিএল কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ দেয়ার প্রতিবাদে তৃতীয় দিনের মত ছাত্র লীগের একাংশের আন্দোলনে অচল হয়ে পরিস্থিতি অব্যাহত রয়েছে।
গত রবিবার সকাল থেকে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, প্রশাসনিক ভবনসহ সকল বিভাগে তালা, সকল পরীক্ষা ও ক্লাস বন্ধ করে তালা ঝুলিয়ে দেয়। ছাত্র সংসদের দায়িত্বে থাকা কথিত কর্মপরিষদের নেতারা তাদের অনুসারী কর্মীদের নিয়ে সড়ক অবরোধ করে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। শিক্ষা মন্ত্রণালয় বদলি হওয়া ড. ননী গোপাল দাসকে রবিবার খুলনা বিএল কলেজে যোগদানের নির্দেশ দিলেও তিনি এখনো দায়িত্ব হস্তান্তর না করে বিএম কলেজেই বহাল রয়েছেন।
এ ব্যাপারে অধ্যক্ষ ড. ননী গোপাল দাস জানান, ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীরা তার কক্ষসহ সকল কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে। ফলে তিনি কারো কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারেননি। তাই বরিশালেই থেকে গেছেন। কর্মপরিষদের নেতারা এ অভিযোগ অস্বীকার করে জানান, ছাত্রলীগের নেতা-কর্মী নয় সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে। অধ্যক্ষ ননী গোপালের বদলির আদেশ বাতিল না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।
