প্রাথমিক অনুমোদন পাওয়া নয়টি ব্যাংকের মধ্যে প্রবাসী বাংলাদেশিদের মালিকানাধীন দুইটিসহ মোট ছয়টি ব্যাংকের লাইসেন্স প্রদানের বিষয়ে আজ মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
সভাশেষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী বলেন, প্রবাসী বাংলাদেশিদের মালিকানাধীন দুইটিসহ মোট ছয়টি ব্যাংকের কাগজপত্র আমরা চূড়ান্ত করেছি। সভায় এনআরবি কমার্শিয়াল, ইউনিয়ন এবং সাউথ বাংলা এগ্রিকালচারাল এন্ড কমার্স ব্যাংকের মেমো উপস্থাপন হয়েছে। পাশাপাশি ব্যাংকের প্রধান নির্বাহী ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করেন। মঙ্গলবারের সভায় মিডল্যান্ড, মেঘনা ও এনআরবি ব্যাংকের মেমো ও ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করা হবে। বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, এসব ব্যাংকের মেমো ও ব্যবসায়িক পরিকল্পনা দেখে সন্তুষ্ট বাংলাদেশ ব্যাংক।
