হজরত শাহজালাল বিমানবন্দরে ৩টি লাগেজসহ শাহ আলম ও আব্দুল হান্নান নামে দুই চোরকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এএপিবিএন)।
এয়ারপোর্ট আর্মড পুলিশের এএসপি আতিকুর রহমান জানান, গতকাল সকাল ১১টার দিকে বিমানবন্দরের গোলচত্বর এলাকা থেকে শাহ আলম ওরফে নজরুল ইসলাম ও আব্দুল হান্নান ওরফে মান্নানকে ৩টি লাগেজসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে শাহ আলম জানায়, নজরুল ইসলাম নামের একটি পাসপোর্ট ও লস্ট এন্ড ফাউন্ড শাখার পাস ব্যবহার করে সকাল আনুমানিক দশটার দিকে বিমানবন্দরের কনভেয়ার বেল্ট এলাকায় প্রবেশ করে। বিমানবন্দরের উক্ত সংরক্ষিত এলাকায় প্রবেশের ক্ষেত্রে বিশেষ পাসের প্রয়োজন হয়। শাহ আলম হারানো লাগেজ সংগ্রহের নামে বিমানবন্দরের লস্ট এন্ড ফাউন্ড শাখার জন্য নির্ধারিত পাস তৈরি করে কনভেয়ার বেল্ট এলাকায় প্রবেশ করে। এ সময় ৩ নং বেল্টে টার্কিশ এয়ারলাইন্সের যাত্রীদের মালামাল সংগ্রহের জন্য দেয়া হচ্ছিল। শাহ আলম ঐ বেল্ট থেকে জনৈক আব্দুর রশিদ, রুমিসা বেগম ও অপর এক ব্যক্তির তিনটি লাগেজ নিয়ে বের হয়ে আসে। পরে এয়ারপোর্ট আর্মড পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর গোলচক্কর এলাকা থেকে শাহ আলম ও আব্দুল হান্নানকে গ্রেফতার করে।
