শুক্রবার থেকে এশিয়ান টিভিতে ‘স্টার ড্যান্স’

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:২৭
জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে এশিয়ান টিভিতে আসছে নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘স্টার ড্যান্স’। অনুষ্ঠানটি প্রতি শুক্র এবং শনিবার রাত ৯টা ২০ মিনিটে এবং পুনঃপ্রচার হবে মঙ্গল ও বুধবার রাত ৯টা ২০ মিনিটে। ‘স্টার ড্যান্স’ অনুষ্ঠানে রয়েছে ৬টি দল। একেকটি দলের প্রধান হলেন আমাদের বিনোদন জগতের তারকারা। অনুষ্ঠানে তারকার নিজের যেমন পারফর্মেন্স আছে, তেমনি তার দলকে নিয়েও তিনি পারফর্মেন্সে অংশ নিয়েছেন। ৬টি দলের তারকারা হলেন—জাকিয়া বারি মম, নিপুণ, বিদ্যা সিনহা মিম, মৌসুমী হামিদ, তমা মির্জা, ঈশানা ও সারিকা। এ অনুষ্ঠানটি উপস্থাপনায় আছেন নাবিলা। তারকা ও তার দলের পারফর্মেন্স বিচার করার জন্য আছেন—চম্পা, ফেরদৌস, বিজরী বরকতউল্লাহ, কানিজ আলমাস খান, রিচি সোলায়মান, আমিন খান, তানিয়া ও ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠানটির প্রকল্প পরিচালক হলেন সৈকত সালাহউদ্দিন। তিনি আশা করেন—দৃষ্টিনন্দন কোরিওগ্রাফি, তারকার দ্যুতি সব মিলিয়ে বিনোদনপ্রেমী দর্শকের পছন্দের একটি অনুষ্ঠান হবে ‘স্টার ড্যান্স’। অন্যদিকে অনুষ্ঠানের প্রকল্প পরিচালক এশিয়ান টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু বলেন, ‘এটা আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় এন্টারটেইন শো। কারণ এতদিন বাংলাদেশি তারকাদের শুধু কথা বা বিচ্ছিন্ন নাচ দেখেছে। এ অনুষ্ঠানের মাধ্যমে দর্শক প্রথমবারের মতো তারকাদের আসল গ্ল্যামার ও পারফর্মেন্স দেখতে পাবে।