দর্শক ভোটের মাধ্যমে সেরা সংগীতশিল্পী নির্বাচনে বিশ্বজোড়া শ্রেষ্ঠ ও সফলতম টিভি রিয়েলিটি শো ‘আইডল’। প্রথমবারের মতো এ দেশে আন্তর্জাতিক মান সম্পন্ন এই রিয়েলিটি শো’র বাংলাদেশি সংস্করণ আয়োজন করেছে। বিশ্বব্যাপী জনপ্রিয় ‘আমেরিকান আইডল’ থেকে শুরু করে ভারত উদ্দীপ্ত ‘ইন্ডিয়ান আইডল’-এর পর, এবার বাংলাদেশ মাতবে আইডল উত্তাপে। আর সেই শুভক্ষণের অপেক্ষার পালা শেষ হতে চলল। ‘বাংলাদেশি আইডল’-এ অংশ নিতে আগ্রহী প্রতিযোগীদের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আগামীকাল থেকে। আয়োজক সূত্রে জানা যায়, ১৮ থেকে ২৮ বছর বয়সী যেকোনো বাংলাদেশি রেজিস্ট্রেশন করতে পারবেন বাংলাদেশি আইডলে অংশ নিতে। আগামীকাল থেকে দেশের যেকোনো প্রান্ত থেকে এসএমএস, আইভিআর (ফোনকল) এবং নির্দিষ্ট ফর্মের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে।
উল্লেখ্য, এই আন্তর্জাতিক মানের রিয়েলিটি শোতে প্রধান বিচারক হিসেবে থাকছেন সংগীতের জীবন্ত কিংবদন্তি ফেরদৌসী রহমান, প্লে-ব্যাক আইডল অ্যান্ড্রু কিশোর, গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চু এবং পপ তারকা মেহরীন।
অনুষ্ঠানটি এসএ টিভিতে প্রচার হবে।
