‘সমস্যা নয় সমাধান চাই’—এই স্লোগানকে সামনে রেখে আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে থেকে শুরু হচ্ছে ‘ভালোবাসার বাংলাদেশ’ ঢাকা এফএম ৯০.৪-এ। এই অনুষ্ঠানের প্রযোজক ইনতেজার জানান, লাভ গুরুখ্যাত এহতেশাম এই অনুষ্ঠানের মূল সঞ্চালকের ভূমিকা পালন করবেন। ইতোমধ্যে আইন ও সালিশ কেন্দ্রের সংঙ্গে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ঢাকা এফএম ‘ভালোবাসার বাংলাদেশ’ এই প্রোগ্রামের মাধ্যমে অবহেলিত নির্যাতিত অসহায় মানুষের কথা তুলে ধরবে এবং আইন ও সালিশ কেন্দ্র যে ক্ষেত্রে প্রয়োজন সেক্ষেত্রে আইনি সহায়তা প্রদান করবে।
আগামী ১৪ ফেব্রুয়ারি অতিথি হিসেবে থাকছেন মো. আবদুর রশিদ, যিনি ভাস্কর রশিদ নামে পরিচিত। উনি দীর্ঘ আট বছর বিনা অপরাধে ভারতের এক কারাগারে বন্দী জীবনযাপন করেছেন। পরবর্তীতে ভারতের এক সাংবাদিকের সহায়তায় কিছুদিন আগে দেশে ফিরেছেন। অনুষ্ঠানটি প্রসঙ্গে এহতেশাম ওরফে লাভ গুরু বলেন, ‘আশা করি অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকবে আমার প্রিয় শ্রোতারা।’ ঢাকা এফএম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল হাকিম বলেন, ‘শুধু বিনোদনই নয়, কিছুটা সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের এই সম্মিলিত চেষ্টা এবং অল্পদিনেই ঢাকা এফএমকে শ্রোতারা তাদের হূদয়ে স্থান পেয়েছে।’
