নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি নতুন জঙ্গিবিমান উদ্বোধন করেছে ইরান। বিমানটি রাডার ফাঁকি দিতে সক্ষম (স্টিলথ) বলে দাবি করেছেন দেশটির কর্মকর্তারা। শনিবার ইরানের রাজধানী তেহরানের একটি অনুষ্ঠানের মাধ্যমে বিমানটি প্রথমবারের মতো প্রদর্শন করা হয়। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচার করা হয়েছে। এক আসনের বিমানটির নাম রাখা হয়েছে কাহের এফ৩১৩ (কর্তৃত্ব এফ৩১৩) বলে জানিয়েছে বিবিসি অনলাইন ।
২০০৭ সালে আজারাকাশ (বিদ্যুত্চমক) জঙ্গিবিমান তৈরির পর আবার বিমান তৈরির ঘোষণা দিলো ইরান। প্রেসিডেন্ট আহমেদিনেজাদ বলেছেন, বিশ্বের সব অত্যাধুনিক জঙ্গিবিমানের প্রায় সব সুবিধা সম্বলিত করে নতুন বিমানটি তৈরি করা হয়েছে। তিনি আরো বলেন, ‘ইরানি জাতির সামরিক শক্তি বৃদ্ধি উদ্দেশ্য আত্মরক্ষা ও দেশকে বহিঃশত্রুর হামলা থেকে রক্ষা করা।’ বিমানটিকে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক জঙ্গিবিমানগুলোর সমকক্ষ বলে মনে করেন তিনি। রাষ্ট্রীয় টেলিভিশনে সমপ্রচারিত ছবিতে একটি ছাইরঙা চকচকে বিমান দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি। বিমানটি ‘অত্যাধুনিক উপাদান’ দিয়ে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আহমেদ ভাহিদি। রাডারে এর উপস্থিতি প্রায় ধরা পড়বে না বলে জানিয়েছেন তিনি।
