আসাদের প্রতি আলোচনায় বসার আহ্বান আল খতিবের

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২৪
সিরিয়ার বিরোধী দলীয় নেতা মোয়াজ আল খতিব প্রেসিডেন্ট বাশার আল আসাদকে শান্তি আলোচনায় বসার আহবান জানিয়েছেন। খতিব সম্প্রতি সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনে প্রধান নির্বাচিত হয়েছেন। তিনি শান্তি আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসাদের ভাইস প্রেসিডেন্টকে দায়িত্ব দেয়ার আহবান জানান। তিনি বলেন, আরো রক্তক্ষয় এড়ানোর জন্য এবং শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতার পরিবর্তনের জন্য এই পদক্ষেপ। যুক্তরাষ্ট্র খতিবের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে তবে আসাদ সরকারের কাছ থেকে এখনও কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।—খবর বিবিসি ও আল জাজিরার। খতিবের আলোচনার প্রস্তাব অনেক বিরোধী নেতাকে অবাক করেছে। বিরোধী দলগুলো বরাবরই বলে আসছিল আসাদের পদত্যাগের আগে কোন ধরনের আলোচনা নয়। এদিকে সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী ফাহেদ আল ফ্রেইজ সোমবার বলেছেন, সিরিয়ার সামরিক বাহিনী বিদ্রোহীদের ওপর জয়ী হবে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বিবৃতিতে তিনি বলেন, সিরিয়ার সেনাবাহিনী বিশ্বে প্রমাণ করেছে তারা শক্তিশালী, প্রশিক্ষিত, কোন অবস্থায় তারা ভেঙ্গে পড়ে না। গত মাসে আসাদ বলেছিলেন, বিশ্বাসঘাতক ও পশ্চিমাদের পুতুলদের সাথে কোন আলোচনা নয়। তার বক্তব্যকে জাতিসংঘের শান্তিদূত লাখদার ব্রাহিমি সংকীর্ণ এবং অনমনীয় বলে অভিহিত করেন। ২২ মাসের গৃহযুদ্ধে সিরিয়ায় ৬০ হাজারের বেশি মানুষ মারা গেছে। সোমবারও পূর্ব দামেস্ক এবং হমসে বিদ্রোহীদের সাথে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। জাতিসংঘ বলেছে, সিরিয়া পরিস্থিতি পুরো অঞ্চলে সহিংসতা ছড়িয়ে দিতে পারে। ৬ লাখের বেশি মানুষ সিরিয়া থেকে আশেপাশের দেশগুলোতে পালিয়ে গেছে।