নেপালে নির্বাচনকালীন ঐকমত্যের সরকারের প্রস্তাবে প্রধানমন্ত্রী রাজি

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২৫
আগামী মে মাসে অনুষ্ঠিতব্য নেপালের জাতীয় নির্বাচন তত্ত্বাবধান করার জন্য একটি জাতীয় ঐকমত্যের সরকারের প্রস্তাবে রাজি আছেন বলে জানিয়েছেন নেপালের মাওবাদী প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই। শনিবার নিজ দল ইউনিফাইড কমিউনিষ্ট পার্টি অব নেপালের (মাওবাদী) সম্মেলনে তিনি এ মনোভাব প্রকাশ করেন। খবর রয়টার্সের। প্রধানমন্ত্রীর এই মনোভাবকে নেপালে বিরাজমান রাজনৈতিক অচলাবস্থা অবসানের একটি ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। রাজধানী কাঠমাণ্ডু থেকে ৮০ কিলোমিটার দূরের শিল্প শহর হেতাউদায় কমিউনিষ্ট পার্টির (মাওবাদী) ছয়দিনব্যাপী ওই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দলের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী বাবুরাম বলেন, সাংবিধানিক আইন পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কারো নেতৃত্বে একটি জাতীয় ঐকমত্যের সরকার গঠনের প্রস্তাব গ্রহণ করতে আমরা প্রস্তুত। তবে ঐকমত্যের সরকার গঠিত হলে প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি পদত্যাগ করবেন কিনা এ বিষয়ে কিছু বলেননি। সম্মেলনে নেপালের সবচে’ ক্ষমতাধর রাজনীতিবিদ মাওবাদী কমিউনিষ্ট পার্টির প্রধান পুষ্প কমল দহল প্রচণ্ড জানিয়েছেন, নেপালের রাজনৈতিক অচলাবস্থা নিরসনের একটি পরিকল্পনা তৈরির মধ্যদিয়ে বৃহস্পতিবার ছয়দিনব্যাপী এ সম্মেলন শেষ হবে।