সংবাদ কণিকা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২৫
চীনা দূতকে তলব জাপানের চীনের সাথে ভূখণ্ডগত বিরোধকে কেন্দ্র করে জাপান মঙ্গলবার বেইজিংয়ের দূতকে ডেকে পাঠিয়েছে। বিরোধপূর্ণ জলসীমায় আবারো চীনের জাহাজ প্রবেশ করায় তার প্রতিবাদ জানাতে টোকিও চীনের দূতকে ডেকে পাঠায়। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘সেনকাকু দ্বীপপুঞ্জের কাছে জলসীমায় চীনের জাহাজ প্রবেশ করায় তাদের রাষ্ট্রদূতকে জাপান পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে পাঠিয়েছে।’ উল্লেখ্য, চীন ওই দ্বীপপুঞ্জটি তাদের বলে দাবি করে আসছে। বেইজিংয়ের কাছে এটি দিয়াউস দ্বীপপুঞ্জ হিসেবে পরিচিত। — এএফপি কয়লার চাহিদা বাড়ছে চীনে এবছরের শীতে চীনের রাজধানী বেইজিংয়ে দূষণের মাত্রা মারাত্মক পর্যায়ে গিয়ে পৌঁছেছে। আর এরই সাথে দেশটির কয়লার ওপর নির্ভরতাও আবারো আলোচনায় এসেছে। সারাবিশ্বে জ্বালানি হিসেবে কয়লার যতটা ব্যবহার হয়, তার অর্ধেকই করে চীন। বিবিসির সংবাদদাতা মার্টিন পেশেন্স গিয়েছিলেন চীনের অন্যতম কয়লা উত্পাদনকারী অঞ্চল সাংজি প্রদেশে, যেখানে কয়লার চাহিদা দিনদিন বেড়েই চলেছে। — বিবিসি বিয়ন্সের গান নিয়ে বিতর্ক মার্কিন পপ সঙ্গীতশিল্পী বিয়ন্সে প্রেসিডেন্ট ওবামার শপথ গ্রহণ অনুষ্ঠানে আগে থেকে রেকর্ড করা ট্র্যাকে গলা মিলিয়ে দর্শকদের ধোঁকা দিয়েছেন কি না, তা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। দু’সপ্তাহ আগে ওয়াশিংটনে প্রেসিডেন্টের শপথ গ্রহণে মার্কিন জাতীয় সঙ্গীত গাইবার বিরল সম্মান দেয়া হয়েছিল জনপ্রিয় পপ তারকা বিয়ন্সেকে কিন্তু তিনি তা আগে থেকেই রেকর্ড করে রেখে পরে আসল অনুষ্ঠানের সময় শুধু তার সঙ্গে ঠোঁট মিলিয়েছিলেন। কিন্তু সে কথা পরে ফাঁস হয়ে যায়। আর বিয়ন্সে নিজেও তা স্বীকার করে নিয়ে বলেন, ঠিকমতো মহড়ার সুযোগ মেলেনি বলেই বাধ্য হয়ে তাকে সে কাজ করতে হয়েছিল ! —বিবিসি বোকো হারামের হুমকি মালির ইসলামপন্থি জঙ্গিরা যখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে রয়েছে, ঠিক তখন এই অঞ্চলে রয়েছে অন্যান্য চরমপন্থি গোষ্ঠিরও হুমকি। যেমন- নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বোকো হারাম। গত কয়েক বছরে তারা এই অঞ্চলে জনগণের ব্যাপক দুর্দশার কারণ হয়েছে। গোষ্ঠিটির বন্দুকধারী আর আত্মঘাতী বোমাবাজদের হামলায় প্রাণ গেছে শত শত মানুষের। বোকো হারামের এক সামপ্রতিক আক্রমণে নাইজেরিয়ার একজন প্রখ্যাত মুসলিম নেতা প্রায় মারা যাবার উপক্রম হয়েছিল। — বিবিসি