এবার নিয়ম বহির্ভূতভাবে ক্রিকেটারদের টাকা দেয়ার অভিযোগে উঠেছে ফ্রাঞ্চাইজিদের বিরুদ্ধে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মাধ্যমে ফ্রাঞ্চাইজিরা টাকা পরিশোধ করার কথা থাকলেও সেই নিয়মের তোয়াক্কা করছে না ফ্রাঞ্চাইজিরা। চুক্তি মোতাবেক বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে শতকরা ২৫ ভাগ টাকা দেয়ার কথা থাকলেও দফায় দফায় তারিখ পরিবর্তন করেও ফ্রাঞ্চাইজিরা ক্রিকেটারদের পাওনা পরিশোধ করছে না।
গতকাল মঙ্গলবার ফ্রাঞ্চাইজিরা চুক্তি অনুযায়ী টাকা দেয়ার কথা থাকলেও খোঁজ নিয়ে জানা গেছে, দু’টি ফ্রাঞ্চাইজি এখনো ক্রিকেটারদের টাকা পরিশোধ করেনি। যদিও বিসিবি বলছে, গতকাল রাতের মধ্যে সবগুলো ফ্রাঞ্চাইজি ক্রিকেটারদের টাকা পরিশোধ করবে। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, বিদেশি ক্রিকেটারদের টাকা পরিশোধে ফ্রাঞ্চাইজিরা নিয়ম মানলেও দেশি ক্রিকেটারদের বেলায় সেই নিয়ম রক্ষা করছে না তারা। কয়েকটি ফ্রাঞ্চাইজি কিছু ক্রিকেটারদের শতকরা ২৫ ভাগ টাকা না দিয়ে তাদের চুক্তির কিছু সম্মানি দিয়েছে তারা। ফ্রাঞ্চাইজিদের এমন কর্মকাণ্ডে ক্ষেপেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলরের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা, ‘আমাদের মাধ্যমে ক্রিকেটারদের টাকা পরিশোধের নিয়ম থাকলেও সেটা করা হয়নি। ক্রিকেটাররাও সেই টাকা নিয়েছে। তাদেরকে আমরা কাল (আজ) একটা চিঠি দিব কোয়াবের মাধ্যমে। এরপর টাকা পয়সা না পেলে আমরা এর কোন দায় দায়িত্ব নিব না’। সিলেট রয়েলস গতকাল বিকেল পর্যন্ত ক্রিকেটারদের চুক্তির ২৫ ভাগ টাকা পরিশোধ করেনি। এমনকি ক্রিকেটারদের সাথে চুক্তিও করেনি তারা। বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে জানা গেছে, সন্ধ্যায় তারা সবকিছু পরিশোধ করবে। যদিও বিপিএল কমিটি কাল সন্ধ্যায়ও জানিয়েছে, সিলেট থেকে কোন টাকা পয়সা তারা পায়নি। তবে ঝামেলা হয়েছে, ক্রিকেটারদের চুক্তির ২৫ ভাগ টাকা না দিয়ে ফ্রাঞ্চাইজিরা কিছু সম্মানি দেয়ায়। সেটাও ক্রিকেটারদের হাতে হাতে দিয়েছে বলে চটেছে বিপিএল কমিটি। এমন খবরের সত্যতা স্বীকার করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলর চেয়ারম্যান, ‘দুটি ফ্রাঞ্চাইজি ক্রিকেটারদের হাতে টাকা দিয়েছে। যেটা মোটেও কাম্য নয়। ফ্রাঞ্চাইজিরা বলছে, ক্রিকেটাররা নাকি তাদের বলেছে, হাতে টাকা না দিলে তারা বিপিএল খেলবে না। তাই বাধ্য হয়েই তারা ক্রিকেটারদের টাকা দিয়েছে’। চিটাগাং কিংসের টিম ম্যানেজম্যান্টও এর সত্যতা স্বীকার করেছে। তারা দাবি করছে, দেশি ক্রিকেটারদের টাকা হাতে হাতে দেয়া হয়েছে। জানা গেছে, সাত ফ্রাঞ্চাইজিদের সাথে বিপিএল গভর্নিং কাউন্সিল ও গেম অন স্পোর্টস গতকাল সন্ধ্যায় সভা করেছে। সেখানে সমাঝোতা করা হয়েছে, এমনকি ফ্রাঞ্চাইজিদের দাবির মুখে বিপিএল গভর্নিং কাউন্সিলরও নমনীয় হয়েছে। চুক্তি মোতাবেক ক্রিকেটারদের টাকা দেয়ার বিষয়টি বিপিএল গভর্নিং কাউন্সিলর প্রথমে কঠোর হলেও পরবর্তিতে সেটা এক প্রকার মেনেই নিয়েছে তারা। রাতে বোর্ড সভায় বিষয়টি তোলা হবে বলেও বিসিবির একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে। সূত্র আরো জানিয়েছে, বিপিএল নিয়ে এবার প্রথম থেকে যে কথাবার্তা হয়েছে, সেটা যেন আর না বাড়ে সেই জন্য বিপিএল গভর্নিং কাউন্সিলর যতটুকু পারা যায় নমনীয় হওয়ার চেষ্টা করছে। বিপিএল গভর্নিং কাউন্সিলর চেয়ারম্যান বলেন, ‘আমরা দায়ী করবো ক্রিকেটারদের। ফ্রাঞ্চাইজিরাও দায়ী, তবে ক্রিকেটাররা বেশি দায়ী’।
শতকরা ২৫ ভাগ টাকা ছাড়াও ক্রিকেটাররা আরো ৭৫ ভাগ টাকা পাবে। এমতাবস্থায় পরবর্তী সময়ে বিপিএল গভর্নিং কাউন্সিলর কি এর দায়-দায়িত্ব নিবে? এমন প্রশ্নের উত্তর অবশ্য দেননি বিপিএল গভর্নিং কাউন্সিলর চেয়ারম্যান। শুধু বললেন, ‘আমরা ক্রিকেটারদের চুক্তির কপি দেখে এরপর তাদের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নিব’।
বিপিএলে পাকিস্তানী খেলোয়াড় না আসার পর অল্প সময়ের মধ্যে অন্য দেশ থেকে খেলোয়াড় এনে ভালো প্রশংসা কুড়িয়েছিল বিপিএল কমিটি। ক্রিকেটারদের চুক্তির টাকা পরিশোধ নিয়ে প্রথম দিকেও যেভাবে কঠোর হয়েছিল বিপিএল কমিটি। তাতেও বেশ প্রশংসা কুড়িয়েছিল তারা। কিন্তু ফ্রাঞ্চাইজিদের উল্টো পথে হাঁটার কারণে এখন তাদেরকেই নমনীয় হতে হচ্ছে। দুই ফ্রাঞ্চাইজি (সিলেট ও চিটাগাং) ছাড়া বাকি ক্রিকেটারদের ২৫ ভাগ টাকার চেক ও চুক্তির কপি জমা দিয়েছে বলে জানা গেছে। তবে সেটা আংশিক জমা দিয়েছে তারা। কোটি কোটি টাকা খরচ করে ফ্রাঞ্চাইজি ক্রিকেটারদের দলে নিলেও নিয়মের তোয়াক্কা না করে ফ্রাঞ্চাইজিদের উল্টো পথে হাঁটাটা বিসিবিকে দুশ্চিন্তায় ফেলছে।
