ক্রিকেটারদের উপর সন্ত্রাসী হামলার জের ধরে পাকিস্তানকে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে এখন কোন দেশই নিরাপদ মনে করছে না। সর্বশেষ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়েও কম জল ঘোলা হয়নি। তবে, নিরাপত্তা নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছে পাকিস্তান না ক্রিকেট বোর্ড (পিসিবি), বরং তারা খুঁজে বেড়াচ্ছে ষড়যন্ত্রের গন্ধ। বোর্ড চেয়ারম্যান জাকা আশরাফ মনে করছেন, একটি মহল চায় না পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট পুনঃপ্রতিষ্ঠিত হোক এবং যথাসময়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) অনুষ্ঠিত হোক।
একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাত্কারে আশরাফ বলেন, ‘ক্রিকেট বিশ্ব থেকে পাকিস্তানকে দূরে সরিয়ে রাখার জন্য ষড়যন্ত্র চলছে, আমি সে ব্যাপারে সচেতন। তবে আমরা আশা ছেড়ে দেইনি এবং পিএসএল আয়োজন করতে পারবো বলে আমি আত্মবিশ্বাসী। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে এই পিএসএলই সহায়ক হবে বলেও আমি বিশ্বাস করি।’
আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানকে একঘরে করে রাখতে চাওয়াদের নাম উল্লে¬খ না করে আশরাফ বলেন, পিএসএল আয়োজনের প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলছে।
তিনি বলেন, ‘আমি জানি, অনেক নৈরাশ্যবাদী আছে যারা মনে করছে পিএসএল আয়োজন হবে না এবং তারা আমাদের দেশে আন্তর্জাতিক ক্রিকেটও দেখতে পাবে না। কিন্তু পিসিবি আশা ছাড়ছে না এবং পিছপা হবে না।’
পাকিস্তান ক্রিকেট বর্তমানে অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বলে স্বীকার করেন পিসিবি প্রধান। তিনি বলেন, ‘২০০৯ সাল থেকে কোন টেস্ট দল পাকিস্তান আসছে না এবং বর্তমান অবস্থায় কোন দল আসতে চাচ্ছে না এমনটা হিসাব করলে অবশ্যই আমাদের জন্য এটা কঠিন সময়।’
তারকা খেলোয়াড়দেরকে পাকিস্তানে পিএসএল-এ অংশ নিতে সংশি¬্লষ্ট বোর্ডগুলো ‘অনাপত্তি’ পত্র দিচ্ছে না এমনটা শোনার পর পিসিবি বিকল্প হিসেবে এ টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে এবং কেবলমাত্র নক-আউট পর্বের ম্যাচগুলো নিজ দেশে আয়োজনের কথা চিন্তা করছে- পাকিস্তানের গণমাধ্যমে খবর প্রচারিত হয়েছে।
পিএসএল-এর ম্যানেজিং ডিরেক্টর সালমান বাট গত সপ্তাহে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছিলেন, প্রায় ৫০ জন বিদেশি খেলোয়াড় টুর্নামেন্টে খেলতে ইতোমধ্যেই চুক্তিতে স্বাক্ষর করেছেন। তাদের এখন বেকলমাত্র সংশ্লি¬ষ্ট বোর্ডের ‘অনাপত্তি’ ছাড়পত্র দরকার। বোর্ডের ঊর্ধ্বতন একটি সূত্র জানায়, পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে বাংলাদেশ ও ভারতের কাছ থেকে সহায়তা না পেয়ে চেয়ারম্যান ব্যক্তিগতভাবে খুব হতাশ। -বাসস/পিটিআই
