সাপের জন্য পাখি শিকার!

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২০
সাপের খাদ্যের জন্য আদিবাসী বেদে সম্প্রদায়ের কিশোররা দেদারছে দেশি জাতেরসহ অতিথি পাখি শিকার করে যাচ্ছে। অতিথি পাখি শিকার আইনত দণ্ডনীয় অপরাধ তা জানেনা আদিবাসী বেদে সম্প্রদায়ের ছেলে জিকো (১২), কিশোর (১৪) ও বিজয় (১৩)। তারা তাদের পোষা সাপের জন্য প্রতিদিন ৫০ থেকে ৬০টির মতো পাখি শিকার করে থাকে। মঙ্গলবার উপজেলার উথলী ঈক্ষু ক্রয় কেন্দ্রের সামনের জলাশয়ে পাখি শিকারের সময় কথা হয় আদিবাসী সমপ্রদায়ের ছেলে বিজয় ও জিকোর সাথে। তারা জানায়, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামে তাদের বাড়ি। ১৫টি আদিবাসী পরিবার বর্তমানে তারা অস্থায়ীভাবে উপজেলার শিয়ালমারী গ্রামে বসবাস করছে। সাপ খেলা দেখিয়ে, ঝাড়-ফুঁক ও তন্ত্রমন্ত্র দেখিয়ে তাদের পরিবারের সদস্যরা অর্থ উপার্জন করে থাকে। এ জন্য তাদের বাড়িতে রয়েছে বড় একটি অজগরসহ ১৫টি সাপ। সাপের খাদ্য সংগ্রহের জন্য প্রতিদিন তারা তাদের মা-বাবার নির্দেশে ৫০ থেকে ৬০টি করে পাখি শিকার করে থাকে বলে জানায়। এ ব্যাপারে কুষ্টিয়া রেঞ্জের বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবিরের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, পাখি শিকার আইনত দণ্ডনীয় অপরাধ। লোকবল সঙ্কটের কারণে পাখি শিকারিদেরকে আটক করা সম্ভব হচ্ছে না। তবে আলামতসহ কাউকে ধরতে পারলে তার বিরুদ্ধে ত্বরিত ব্যবস্থা গ্রহণ করা হবে।