ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১০ নং শেরপুর ইউনিয়নে তিনদিনের ব্যবধানে দুটি লাশ পাওয়া যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত শনিবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের একটি গমক্ষেত থেকে এক নারীর (৩২) জবাই করা লাশ উদ্ধার করে নান্দাইল মডেল থানার পুলিশ। সে দিনই কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের পর আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ হিসেবে ওই নারীর লাশ দাফন করা হয়। এ ঘটনায় নান্দাইল মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অপরদিকে গত বৃহস্পতিবার বিকেলে এই ঘটনাস্থলের প্রায় দুই কিলোমিটার দূরে মাদারীনগর এলাকার উগলি নামক বিলে অজ্ঞাত নবজাতক মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছিল পুলিশ। সেই শিশুটিরও পরিচয় মেলেনি। তিনদিনের ব্যবধানে দুটি লাশ পড়ে থাকার ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। নান্দাইল থানার ওসি খন্দকার জাহিদুল ইসলাম ইত্তেফাককে বলেন, নিহত নারীর পরণে ছিল কালো রংয়ের বোরকা ও লাল রংয়ের পায়জামা। অজ্ঞাতনামা শিশুর সাথে ওই নারীর কোন যোগসূত্র আছে কি-না সেটাও খতিয়ে দেখছে পুলিশ।
