বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, পাকিস্তান, ইরান, শ্রীলংকা, নেপাল, ভুটানসহ আট দেশের অংশগ্রহণে আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে রানার গ্রুপ ২৮তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ। পাকিস্তানী দুই জন মহিলা গলফারসহ বিদেশি গলফার এসেছেন ১৮ জন। আর এই চ্যাম্পিয়নশিপে সব মিলিয়ে গলফার দেড় শতাধিক।
এই চ্যাম্পিয়নশিপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতই হচ্ছে ফেভারিট। অপরদিকে প্রথমবারের মতো খেলতে এসেছে ইরান। স্বাগতিক বাংলাদেশের গলফাররা অবশ্য এই প্রতিযোগিতায় বড় কোনো সাফল্যের আশা করছে না। তারপরও ভালো কিছু করে দেখানোর প্রত্যাশা করছেন তারা। বাংলাদেশের পুরুষ দলে খেলবেন নাজিম, মুসা, সাগর, সজিব, লিটন, সোবহান। মহিলা দলে খেলবেন শিবা, মিসেস মতিউর, মিসেস মনা এবং অরণী। গতকাল টুর্নামেন্টের উদ্বোধন হলেও আজ সকাল সাড়ে সাতটায় টিঅফ হবে এই গলফ চ্যাম্পিয়নশিপের। গতকাল মঙ্গলবার কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন আয়োজক গলফ ফেডারেশনের কর্মকর্তারা। সংবাদ সম্মেলনের পর কাল বিকালে চারদিনব্যাপী এই চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব। তার সাথে ছিলেন গলফ ফেডারেশনের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আক্তার (অবঃ), পৃষ্ঠপোষক রানার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিকুজ্জামান (অবঃ), গলফ ফেডারেশনের যুগ্ম সচিব কর্নেল সর্দার হাসান কবির, নির্বাহী কর্মকর্তা লেঃ কর্নেল তোজাম্মেল হক (অবঃ) সহ অন্যান্য উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা।
