আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে আজ ফেভারিট হিসেবে কাগজপত্রে নাম আসছে ঘানার। তবে বালির আধিক্যের কারণে নেলসপ্রুটের মাঠটি ইতিমধ্যে সমালোচনা কুড়িয়েছে। যে কারণে এ দিন চালকের আসনে বসার সম্ভাবনা বুরকিনা ফাসোরও রয়েছে।
চারবারের চ্যাম্পিয়ন ঘানার জন্য এটি ১২তম সেমিফাইনাল। টুর্নামেন্টে প্রথমবারের মত অভিষেক পাওয়া কেপ ভার্দেকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় তারা। তবে তাদের ওই জয়ে বাজিগরদের ছায়া পড়েছে বলে অভিযোগ নবাগত দলটির।
এদিকে ওই ম্যাচে বুরকিনা তাদের গোল মেশিন হিসেবে পরিচিত এলিয়ান ট্রাওরেকে পাচ্ছেন না। আগের ম্যাচে ইনজুরিতে পড়ার কারণে তাকে দলের বাইরে রেখেই লড়াইয়ে নামতে হবে মহাদেশীয় টুর্নামেন্টে দ্বিতীয়বারের মত সেমিফাইনালে খেলার সুযোগ পাওয়া দলটির।
এর আগে এই টুর্নামেন্টে দু’বার মুখোমুখি হয়েছে ঘানা ও বুরকিনা। ২০০২ সালে গ্রুপ পর্বের ম্যাচে ঘানা জয় পায় ২-১ গোলে। একই পর্বে ২০১০ সালে মুখোমুখি হয়ে ঘানা জিতেছিল ১-০ ব্যবধানে। - বাসস/এএফপি
