যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় বাতিল করে ফাঁসির দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সংস্কৃতি কর্মী, ব্লগারসহ ক্রিয়াশীল বিভিন্ন সংগঠনের তরুণরা। ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে মশাল মিছিল, মোমবাতি প্রজ্জ্বলন করেন তারা। বিক্ষোভ শ্লোগানে উত্তাল হয়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকা।
কাদের মোল্লার ফাঁসির দাবিতে গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেন ব্লগার এন্ড অনলাইন একটিভিস্ট নেটওয়ার্ক। বিকাল তিনটায় এ সংগঠনের উদ্যোগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপরই তারা সড়ক অবরোধ করেন। সংগঠনের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকার, মাহমুদুল হক মুন্সী, সুপ্রীতি ধরসহ সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী অবরোধ কর্মসূচিতে অংশ নেন। সন্ধ্যার পর বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও সংগঠকরা তাদের সাথে যোগ দেন ও সংহতি জানান। মোমবাতি প্রজ্জ্বলন করে রায়ের প্রতিবাদ জানান। এসময় তারা দেশাত্মবোধক গান ও কবিতার মাধ্যমে কাদের মোল্লাসহ সব যুদ্ধপরাধীর বিরুদ্ধে ফাঁসির রায় ও তা কার্যকর করার দাবি জানান। সড়ক অবরোধে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধীদের বিচার শুরু হয়েছে। এ বিচার নিয়ে নাটক শুরু হয়েছে। কোনো নাটক মানবো না। কাদের মোল্লার একবার নয় অন্তত একশ’বার ফাঁসি হওয়া উচিত। সব রাজাকারের ফাঁসি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। যুদ্ধাপরাধীর ফাঁসি ছাড়া অন্য কোনো শাস্তি হতে পারে না। রাত আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগে সড়ক অবরোধ চলছিল। ইমরান এইচ সরকার জানান, ট্রাইব্যুনালের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। আজ বুধবার আরো বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তিনি জানান।
এদিকে রায় প্রত্যাখ্যান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। গতকাল সন্ধ্যায় রায়ের বিরুদ্ধে মশাল মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন করে প্রতিবাদ জানিয়েছেন ছাত্র-ছাত্রীরা ও শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন। ‘কাদের মোল্লার ফাঁসি চাই’, ‘কসাই কাদেরের যাবজ্জীবন সাজা মানি না’, ‘আর কোনো রায় নেই, কাদের মোল্লার ফাঁসি চাই’, ‘রাজাকারদের সঙ্গে বসবাস করতে চাই না’, ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘আতাত নয় ন্যায় বিচার চাই’সহ বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে উঠে ক্যাম্পাস। শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা জানিয়েছে ছাত্র সংগ্রাম পরিষদ, উদীচি, শ্লোগান’ ৭১সহ বিভিন্ন সংগঠন। কাদের মোল্লার বিরুদ্ধে ফাঁসির রায় না দিলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে শিক্ষার্থীদের অনেকে।
