রাজ্জাক ববিতা ক্ষুব্ধ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫৬
সম্প্রতি বেশ কয়েকটি দৈনিক ও বিনোদন অনলাইনে প্রকাশিত সংবাদে বেশ চটেছেন দেশের দুই কিংবদন্তি নায়ক-নায়িকা নায়করাজ রাজ্জাক ও ববিতা। প্রকাশিত খবরে এসেছে তারাও একটি রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন। এ প্রসঙ্গে নায়করাজ রাজ্জাক বলেন, অবশ্যই আমার নিজস্ব একটি মতাদর্শ আছে। এবং আমি কাউকে ছোটও করছি না। কিন্তু তাই বলে সম্প্রতি আমারই কলিগ অভিনেতা সোহেল রানা’র একটি রাজনৈতিক দলের অন্তর্ভুক্তির সাথে আমার নাম জড়িয়ে বলা হয়েছে আমিও নাকি সেখানে যোগদান করতে যাচ্ছি। বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন। কারণ আমি মনে করি, কোন দলে অন্তর্ভুক্ত না থেকেও দেশের জন্য অনেক কিছু করা যায়। চিত্রনায়িকা ববিতা বলেন, এ ধরনের তথ্য একেবারেই ঠিক নয়। আমি নিজেও অনেকগুলো সামাজিক সংগঠনের সাথে জড়িত। আমি মনে করি এখানেই আমি আমার যথেষ্ট নৈতিক দায়িত্ব পালন করি যা দেশের মুখ উজ্জ্বল করে। কিন্তু কোনভাবেই আপাতত কোন রাজনৈতিক দলের সাথে আমার যুক্ত হবার ইচ্ছে নেই।’ চিত্রনায়িকা ববিতা ইউনিসেফ এর বিশেষ দূতসহ বেশ ক’টি সামাজিক সংগঠনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন।