জীববিজ্ঞান অনুষদের ডিন্স অ্যাওয়ার্ড পেলেন ৯৫ শিক্ষার্থী

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ এবং ২০১০-১১ শিক্ষাবর্ষের অনার্স পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ৯৫ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন্স অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ডিন্স অ্যাওয়ার্ডপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদভুক্ত ৮টি বিভাগের ৯৫ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৬৬ জন ছাত্রী এবং ২৯ জন ছাত্র। এর মধ্যে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ৭ জন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ১৯ জন, প্রাণিবিদ্যা বিভাগের ২৪ জন, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ১১ জন, মনোবিজ্ঞান বিভাগের ২ জন, অণুজীব বিজ্ঞান বিভাগের ২০ জন, মত্স্য বিজ্ঞান বিভাগের ৩ জন এবং জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের ৯ জন শিক্ষার্থী রয়েছেন। অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় ৫০ ভাগ হচ্ছে নারী। এই অর্ধেক জনগোষ্ঠীকে পিছনে রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। আমাদের সমাজে নারীরা এগিয়ে যাচ্ছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ভর্তির আনুপাতিক হার প্রায় সমান। তিনি অ্যাওয়ার্ডপ্রাপ্ত মোট ৯৫ জন শিক্ষার্থীর মধ্যে ৬৬ জন ছাত্রী হওয়ার ঘটনাকে দেশে নারীর ক্ষমতায়ন ও নারী অগ্রগতির সার্বিক প্রতিফলন হিসাবে আখ্যায়িত করেন। দেশের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে আন্তরিকভাবে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন, জীববিজ্ঞান অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক আমিনুল ইসলাম, অধ্যাপক এস এম ইমামুল হক প্রমুখ।