প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন

টিউশন ফি যেন উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা না হয় : শিক্ষামন্ত্রী

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০০
রেডি; ওয়ান, টু, থ্রি। ক্যামেরায় ক্লিক। চুলের সঙ্গে ম্যাচ করা কালো টুপিগুলো শূন্যে উড়ল। সেই সঙ্গে বিশেষ ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা সবাই পাখি হয়ে আকাশে উড়তে চাইলেন। উত্সবের পাশাপাশি কালো গাউনে ভরে ওঠে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। মঙ্গলবার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে ছিল এমন উত্সাহ-উদ্দীপনা। শিক্ষাজীবনের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সনদ পেলেন ৪০০ শিক্ষার্থী। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ সনদ বিতরণ করেন। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. পবিত্র সরকার। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে টিউশন ফি নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে। দেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে এটা করতে হবে। ফি যেন উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা না হয় সেটা বিবেচনায় আনতে হবে। বিশ্ববিদ্যালয় নতুন জ্ঞান সৃষ্টির ক্ষেত্র হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, শিক্ষা যেন গতানুগতিক ও পাঠ্যপুস্তক নির্ভর না হয়। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাদের যুগোপযোগী মানব সম্পদে পরিণত না করতে পারলে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব নয়। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে এমএ মতিন ও ভিসি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদ। এসময় বিভিন্ন বিষয়ে পারদর্শী ও সর্বোত্তম ফলাফল অর্জনকারী মেধাবী ছাত্রছাত্রীদের সম্মাননা পদক প্রদান করা হয়।