ছয় বছরের বেশি বয়সের অক্ষমরা প্রতিবন্ধী

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০১
সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেছেন, ছয় বছরের ঊর্ধ্বে অনগ্রসর দুস্থ, অসচ্ছল ও অক্ষমরাই প্রতিবন্ধী ব্যক্তি। এদের মধ্যে যাদের মাথাপিছু বার্ষিক গড় আয় সর্বোচ্চ ৩৬ হাজার টাকা তাদের প্রতিবন্ধী ভাতা দেয়া হয়। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সুকুমার রঞ্জন ঘোষের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। তিনি জানান, চলতি অর্থ বছরে সারাদেশে জনপ্রতি মাসিক ৩০০ টাকা হিসাবে সর্বমোট দুই লাখ ৮৬ হাজার প্রতিবন্ধী ব্যক্তিকে ভাতা বাবদ ১০২ কোটি ৯৬ লাখ টাকা প্রদান করা হচ্ছে। তাছাড়া চলতি অর্থ বছরেই সারাদেশে ১৮ হাজার ৬২০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি হিসাবে আট কোটি ৮০ লাখ টাকা প্রদান করা হচ্ছে। শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সমাজসেবা অধিদফতর পরিচালিত সরকারি শিশু পরিবার (সরকারি এতিমখানায়) সর্বমোট আসনসংখ্যা ১০ হাজার ৩০০। তার মধ্যে বালক পাঁচ হাজার ৪৫০ এবং বালিকা চার হাজার ৮৫০।