‘রাডার তাক’ করা নিয়ে চীন-জাপান উত্তেজনা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১৮
পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপের কাছে জাপানের নৌবাহিনীর জাহাজের দিকে চীনের জাহাজ থেকে একটি রাডার তাক করা নিয়ে দু’দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে একে ‘ভয়ংকর’ ঘটনা বলে মন্তব্য করেছেন। গত মঙ্গলবার জাপানের পার্লামেন্টে তিনি এই ঘটনাকে ‘অপ্রত্যাশিত পরিস্থিতি’ বলেছেন এবং চীনকে ‘আত্মসংযমী’ হওয়ার আহবান জানিয়েছেন। ৩০ জানুয়ারিতে চীন জাপানি জাহাজের দিকে এ রাডার তাক করেছে বলে জানান জাপানের প্রতিরক্ষামন্ত্রী। এ ব্যাপারে চীনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদও জানিয়েছে জাপান। এ ঘটনায় খুবই বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী। জাপানের কাছে সেনকাকু এবং চীনের কাছে দিয়াউ নামে পরিচিত বিতর্কিত ওই দীপপুঞ্জ নিয়ে সমপ্রতি কয়েক মাসে দেশ দুটির মধ্যে বাড়তে থাকা উত্তেজনায় এ ঘটনা নতুন মাত্রা যোগ করেছে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইতশুনোরি ওনোদেরা মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, ৩০ জানুয়ারিতে পূর্ব চীন সাগরে জাপানের প্রতিরক্ষামূলক টহল জাহাজের দিকে ফায়ার-কন্ট্রোল রাডারের মতো কিছু একটা তাক করা হয়েছে। রাডারটি চীনের নৌবাহিনীর একটি জাহাজ থেকে তাক করা হয় বলে জানান তিনি। এর কয়েকদিন আগে জাপানের একটি সামরিক হেলি-কপ্টারের দিকেও একই ধরনের রাডার তাক করা হয় বলেও জানান ওনোদেরা। তিনি বলেন, এ ধরনের রাডার তাক করা খুবই অস্বাভাবিক ব্যাপার এবং কোনোরকম ভুল ঘটে গেলে এতে খুবই বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হবে। পূর্ব চীন সাগরে প্রাকৃত সম্পদে পরিপূর্ণ ওই দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে চীন ও জাপানের বিরোধ চলে আসছে কয়েক বছর ধরে। দু’দেশই দ্বীপটিকে নিজেদের বলে দাবি করে আসছে। ২০১২ সালে জাপান সরকার তিনটি দ্বীপ কিনে নিলে চীনের সঙ্গে উত্তেজনা আরো বেড়ে যায়।