লড়াইরত কোচিন বিদ্রোহীদের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে মিয়ানমার সরকার। চীনের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে দু’পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। মঙ্গলবার চীনের দক্ষিণাঞ্চলীয় শহর রুইলিতে মিয়ানমার সরকারের প্রতিনিধিদের সঙ্গে কোচিন বিদ্রোহী নেতাদের এক বৈঠকের পর চুক্তিটি স্বাক্ষরিত হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। চুক্তিতে দু’পক্ষে সামরিক উত্তেজনা হ্রাস, যোগাযোগ গড়ে তোলা এবং ফেব্রুয়ারি শেষ হওয়ার আগেই আরেকটি বৈঠকে বসার ব্যাপারে সম্মত হয়। ‘কোচিন ইনডিপেনডেন্স আর্মি’ (কেআইএ) গত ৫০ বছর ধরে মিয়ানমার রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে। বিবিসি জানিয়েছে, রাজনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার জন্য দু’পক্ষই রাজি হয়েছে এবং যুদ্ধবিরতি কার্যকর করার জন্য একটি “পর্যবেক্ষক পদ্ধতি” গঠনেও উভয়পক্ষ সম্মত হয়েছে।
