জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় দিনেও শেয়ারবাজারের সূচক ছিল ঊর্ধ্বমুখী। তবে সূচক বাড়লেও লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। এর আগে গত মঙ্গলবারও শেয়ারবাজারে সূচক বেড়েছে, কমেছে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কর্মকর্তারা বলছেন, হরতালের কারণে ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের আনাগোনা ছিল কম, ফলে লেনদেন কমেছে। বেশিরভাগ বিনিয়োগকারীই লেনদেন করেছেন দূরালাপনীর মাধ্যমে।
তথ্যে দেখা গেছে, গতকাল বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২০১ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচকও বেড়েছে ১০ পয়েন্ট। আর ডিএসই-৩০ মূল্যসূচক পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫২৩ পয়েন্টে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৮ কোটি ৭৪ লাখ ৮০ হাজার ৯২৭ টাকা। যা আগের দিনের চেয়ে ৮৯ কোটি ২৪ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৭২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৮ টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের। গতকাল ডিএসইতে হাত বদল হয়েছে ২৭২টি কোম্পানির ৬ কোটি ৬৮ লাখ ৯৫ হাজার ৭৭৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
লেনদেনের ভিত্তিতে ডিএসইর প্রধান ১০টি কোম্পানি হলো:ইউনাইটেড এয়ারওয়েজ, ইউনিক হোটেল, গ্রামীণফোন, সামিট পূর্বাঞ্চল পাওয়ার, তিতাস গ্যাস, লঙ্কাবাংলা ফাইন্যান্স, যমুনা অয়েল, সানলাইফ ইন্স্যুরেন্স, মেঘনা পেট্রোলিয়াম ও বেক্সিমকো। দরবৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:৫ম আইসিবি, ইস্টার্ন কেবলস, ৭ম আইসিবি, ৮ম আইসিবি, ৬ষ্ঠ আইসিবি, ইসলামিক ইন্স্যুরেন্স, ১ম প্রাইম ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড, ইউএলসি, পাওয়ার গ্রিড ও তিতাস গ্যাস। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:রিলায়েন্স ইন্স্যুরেন্স, সামিট পূর্বাঞ্চল পাওয়ার, হাক্কানী পাল্প, মিরাক্যাল ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন লুব্রিকেন্টস, আলহাজ্ব টেক্সটাইল, সানলাইফ ইন্স্যুরেন্স, আনোয়ার গ্যালভানাইজিং, প্রাইম টেক্স ও এপেক্স ফুডস।
এদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ১২০ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসই-৩০ মূল্যসূচক ৫২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬ কোটি ৩৭ লাখ ৫৯ হাজার ৮৪৪ টাকা। লেনদেনকৃত ১৮১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৪টির, কমেছে ৭৫টির আর অপরিবর্তিত ছিল ২২টি কোম্পানির শেয়ারের দাম।
ডিএসই সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রযুক্তি খাতের বিডিকম অনলাইন লিমিটেড ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। প্রতিষ্ঠানটি ৩০ জুন, ২০১২ সালের সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ প্রদান করায় ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উঠে এসেছে। আজ থেকে বিডিকম অনলাইনের কার্যক্রম ‘এ’ ক্যাটাগরি হিসেবে লেনদেন হবে।
এদিকে আজ সকালে ওরিয়ন ফার্মা কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাজধানীর কাকরাইলে অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ ড্র অনুষ্ঠিত হবে। জানা গেছে, প্রতিষ্ঠানটির আইপিওতে ২৪০ কোটি টাকার বিপরীতে ২৫২ কোটি ৮৮ লাখ ৪৪ হাজার টাকার আবেদন জমা পড়ে। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে থেকে ১৮৪ কোটি ৩৩ লাখ ২৬ হাজার টাকা, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের কাছ থেকে ২৭ কোটি ৭৭ লাখ ১০ হাজার টাকা, প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে ৮ কোটি ৭২ লাখ ৩৪ হাজার টাকা এবং মিউচ্যুয়াল ফান্ড খাতের ৩২ কোটি ৫ লাখ ৭৪ হাজার টাকার আবেদন জমা পড়ে।
