গত জানুয়ারি মাসে মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। ২০০৫-০৬ অর্থবছরকে ভিত্তি হিসেবে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৬২ শতাংশ। গত ডিসেম্বর মাসে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ১৪ শতাংশ। আগের (২০১১-২০১২) অর্থবছরের একই সময়ে (জানুয়ারি) এ হার ছিল ৮ দশমিক ৫৮ শতাংশ।
গতকাল এক সংবাদ সম্মেলনে জানুয়ারি মাসের মূল্যস্ফীতির এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বিবিএস কার্যালয়ে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন বিবিএসের মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল। তিনি জানান, ডিসেম্বর মাসের তুলনায় জানুয়ারিতে চাল, আটা, ডাল, মাছ-মাংস, মসলা, দুধ ও তেলের দাম বেড়েছে। অন্যদিকে খাদ্য বহির্ভূত পণ্যের মধ্যে দাম বেড়েছে পরিধেয় বস্ত্র, বাড়ি ভাড়া, জ্বালানি তেল, আসবাবপত্র ও গৃহস্থালী পরিবহন, শিক্ষা উপকরণ এবং বিবিধ দ্রব্য ও সেবা খাতের।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, মাস ভিত্তিতে (নতুন ভিত্তি বছর অনুযায়ী) মূল্যস্ফীতি ১ দশমিক শূন্য ৫ শতাংশ। পুরাতন ভিত্তি বছর (১৯৯৫-৯৬) অনুসারে মূল্যস্ফীতি হয়েছে ১ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে নতুন ভিত্তি বছর হিসাবে জানুয়ারি মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে ৫ দশমিক শূন্য ২ শতাংশ। ডিসেম্বর মাসে যা ছিল ৫ দশমিক ২৮ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৯৭ শতাংশ। নতুন হিসাবে জানুয়ারিতে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কমে হয়েছে ৯ দশমিক শূন্য ৯ শতাংশ। ডিসেম্বরে ছিলো ১০ দশমিক শূন্য ৩ শতাংশ গত অর্থবছরের একই সময়ে যা ছিল ১১ দশমিক ১৮ শতাংশ।
