৭ মাসে আয়কর আদায় বেড়েছে ২৯ শতাংশ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২২
চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারী) ১৫ হাজার ৩৫২ কোটি টাকার আয়কর আদায় হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এই খাতে আদায়ের পরিমাণ ছিল ১১ হাজার ৯১৬ কোটি টাকা। অর্থাত্ গত অর্থবছরের একই সময়ের তুলনায় উল্লিখিত সময়ে আয়কর আদায় বেড়েছে ২৮ দশমিক ৮৪ শতাংশ। এছাড়া গত সাত মাসে আয়কর আদায়ের কৌশলগত লক্ষ্যমাত্রাও অতিক্রম করতে সমর্থ হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এই বিভাগ। এনবিআর সুত্রে এ তথ্য জানা গেছে। এছাড়া আয়কর বিভাগের হিসাবে গত জানুয়ারি মাসের আয়করের লক্ষ্যমাত্রাও অতিক্রম করতে সমর্থ হয়েছে এই বিভাগ। জানুয়ারি মাসে দুই হাজার ২৩০ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আয়কর আদায় হয়েছে দুই হাজার ৩৬২ কোটি টাকা। বৃহত্ করদাতা ইউনিট (এলটিইউ) ছাড়াও এনবিআরের ৩০টি কর অঞ্চলের মাধ্যমে সারাদেশ থেকে আয়কর আদায় করা হয়। গত সাত মাসে সবচেয়ে বেশি কর আদায় হয়েছে এলটিইউ থেকে (পাঁচ হাজার ২০৫ কোটি টাকা)। আদায়ের দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ঢাকা কর অঞ্চল-২ ও চট্টগ্রাম কর অঞ্চল-১। তবে একই সময়ে আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে ঢাকার কর অঞ্চল-১৩, কর অঞ্চল-১০, কর অঞ্চল-১৫ ও কর অঞ্চল-৭। চলতি অর্থবছরে এনবিআর কর আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছে ৩৫ হাজার ৩০০ কোটি টাকা। আর মূল্য সংযোজন কর (ভ্যাট), আমদানি শুল্ক ও অন্যান্য কর মিলিয়ে মোট রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১২ হাজার ২৫৯ কোটি টাকা।