বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখন যে খেলাগুলো হবে, তাকে বলা যায় শেষ চারে ওঠার লড়াই। ৭টি দলের মধ্যে ছয়টি দলই বেশ ভালো মতো টিকে আছে সেমিফাইনালে যাওয়ার এই লড়াইয়ে। শুরুতে ধুকতে থাকা চট্টগ্রাম কিংস টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট তালিকার চার নম্বরে চলে এসেছে। অবশ্য সেমিফাইনালে যেতে গেলে তাদের এখন জয় ছাড়ার আর কিছু ভাবা চলছে না। এ অবস্থায় আজ বিকাল সাড়ে তিনটায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চিটাগং কিংস মুখোমুখি হবে লড়াই থেকে ছিটকে পড়া খুলনা রয়েল বেঙ্গলসের।
তবে দিনের সবচেয়ে ‘বড় ম্যাচ’ হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। টানা সাত রাউন্ড পয়েন্ট তালিকার শীর্ষে থাকা সিলেট রয়েলস এবং এখনও বেশ ভালো অবস্থায় থাকা রংপুর রাইডার্স মুখোমুখি হবে এই ম্যাচে।
চলতি আসরে দারুণ দল করেও প্রথম পাঁচ ম্যাচে একটি মাত্র জয় পেয়েছিল চিটাগং। সেই পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে এসে এখন ৬ পয়েন্টের মালিক চিটাগং। ফলে পরের সবগুলো ম্যাচ জিতে সেমিফাইনালের স্বপ্ন দেখতে পারছে তারা। কাল দলের অধিনায়ক ব্রেন্ডন টেইলর অনুশীলন শেষে বলেছেন, ‘আজকের ম্যাচটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। শেষ দুটি ম্যাচ জেতায় আমাদের ভিতরেও আত্মবিশ্বাস বেড়েছে। এখান থেকে পরবর্তী ম্যাচগুলো আমরা জিততে চাই। দলের সবার সাথে আমার বোঝাপড়াও অনেক ভালো। আশা করছি আমরা ভালো ক্রিকেট উপহার দিতে পারবো’।
অবশ্য তাদের প্রতিপক্ষ এমন ভয় পাওয়ার মতো দল নয়। খুলনা রয়েল বেঙ্গল আট ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছে। সবগুলো ম্যাচ জিতলেও সেমিফাইনাল খেলার সম্ভাবনা তাদের ক্ষীণ। সেক্ষেত্রে হারতে হবে অন্যদেরও।
চিটাগং ও খুলনার যখন এই সমীকরণে দাঁড়িয়ে; তখন আজকের ম্যাচটি সিলেট ও রংপুর, যে কারো ভাগ্য নির্ধারণী হয়ে যেতে পারে। টানা সাত ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার পর অবশেষে গত ম্যাচে ঢাকার পিছনে পড়ে গেছে তারা। নিট রানরেটে তাদেরকে টপকে ঢাকা এখন শীর্ষে।
হরতালের কারণে কাল অনুশীলন করেনি সিলেট। এখনো তাদের চারটি ম্যাচ রয়েছে। সেমিতে যেতে হলে আরো দুটি ম্যাচ জেতা প্রয়োজন তাদের। রংপুরের কাজটা অবশ্য আরও কঠিন। আট ম্যাচে তিনটি জয় তাদের। শেষ চারে যেতে হলে বাকি ম্যাচগুলো জিততে হবে।
আজকের খেলা:
বিকাল সাড়ে তিনটা: চিটাগং কিংস- খুলনা রয়েল বেঙ্গলস
সন্ধ্যা সাড়ে সাতটা: সিলেট রয়েলস- রংপুর রাইডার্স
