বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবলের দুটি ফাইনাল খেলা আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বেলা ১২টায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনালে মুখোমুখি হবে নীলফামারী সদরের দক্ষিণ দোনদারি কেরানিপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কক্সবাজার মহেশখালীর মেহেরিয়াপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। বেলা আড়াইটায় মেয়েদের ফাইনাল। বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনালে সিলেটের জৈন্তাপুরের নিশ্চিন্তপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রংপুর সদরের পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হবে। ফাইনাল ম্যাচ দুটি শেষে পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ছেলেমেয়েদের লেখাপড়ার প্রতি উত্সাহ যোগাতে এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে ‘চলো সবাই স্কুলে যাই’ শ্লোগান নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে ২০১০ সাল থেকে। এবার তৃতীয় আসর অনুষ্ঠিত হচ্ছে। এবার এক লাখ ১৪শ ৭৬টি প্রাথমিক বিদ্যালয়ের ১০ লাখ ৩৪ হাজার ৯২৬ জন ছাত্র এবং ১০ লাখ ৩৩ হাজার ৬১৭ জন ছাত্রী অংশগ্রহণ করে। জুনে ইউনিয়ন পর্যায়ে খেলা হয়। আগস্টে জেলা পর্যায়ে বাছাই শেষ হয়ে ডিসেম্বরে জাতীয় পর্যায়ে খেলা হয়। জাতীয় পর্যায় থেকে সাত বিভাগের ১৪টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের ফাইনাল উপলক্ষে গতকাল সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বিভিন্ন তথ্য তুলে ধরে বলেন, ‘গ্রামাঞ্চলে অসংখ্য প্রতিভা সুপ্ত অবস্থায় পড়ে আছে। যারা পরিচর্যা সুযোগের অভাবে প্রস্ফুটিত হতে পারছে না। এই প্রতিযোগিতার মাধ্যমে খেলোয়াড় সৃষ্টি হবে।’ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ বলেন, টুর্নামেন্ট সফল করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রয়োজনীয় সবরকম সহযোগিতা করেছে।
