তামিম ইকবালের কব্জির ব্যথা মারাত্মক কিছু নয় বলে জানিয়েছে তার বিপিএল দল। হরতালের কারণে গতকাল এক্স-রে করাতে যেতে পারেননি। কিন্তু ব্যথাটি মারাত্মক নয় বলে জানালেন দুরন্ত রাজশাহীর মিডিয়া ম্যানেজার আহামেদ রাকিব। তিনি জানিয়েছেন, ‘দলের ডাক্তার তুষার তামিমের কব্জি দেখার পর বলেছেন, এটা গুরুতর কিছু নয়। আমরা একটা বাড়তি এক্স-রে করাতে চেয়েছিলাম। কিন্তু তামিম আগের চেয়ে ভালো অনুভব করায় মনে হচ্ছে আর এক্স-রে লাগবে না। আমাদের বিশ্বাস আছে তিনি পুরোপুরি ফিট। যদি বেশি ব্যথা হয় তখন বাড়তি এক্স-রের কথা ভাবা যাবে।’ গত মঙ্গলবার দুরন্ত রাজশাহীর হয়ে খেলার সময় ফিল্ডিং করতে গিয়ে ব্যথা পান তামিম। এ কারণে সেদিন ব্যাটিংয়ে নামতে পারেননি তিনি। তবে আগের চেয়ে এখন অনেক ভালো অনুভব করছেন বলে জানিয়েছেন দলটির মিডিয়া ম্যানেজার। আজ দুরন্ত রাজশাহীর খেলা নেই। কাল মাঠে নামার ব্যাপারেও তামিম আশাবাদী।
