প্রদর্শনীর শেষ দিকে ছবিমেলার আবেদন যেন দর্শকদের কাছে বাড়তে থাকে। দেশের সব অস্থিরতাকে ছাপিয়ে হরতালের মাঝেও ছবিপ্রেমী দর্শকরা ভিড় জমায় বিভিন্ন গ্যালারিতে। আজ এশিয়ার সর্ববৃহত্ ও বিশ্বের অন্যতম আলোকচিত্র উত্সব ছবিমেলার শেষ দিন। ভঙ্গুরতাকে প্রতিপাদ্য করে নানা আয়োজনে কেটে গেলো ছবিমেলার ক’টি দিন। গত ২৫ জানুয়ারি শুরু হওয়া আন্তর্জাতিক এ ছবিমেলায় বৈশ্বিক অস্থিরতার অবসান ঘটিয়ে ভঙ্গুর সমাজ থেকে মানবতার উত্থানের আহ্বান জানানো হয়। সপ্তমবারের মতো এ ছবি উত্সবের আয়োজন করে আলোকচিত্র প্রতিষ্ঠান ‘দৃক’ ও ‘পাঠশালা’। মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় উত্সবের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হলেও আজ বৃহস্পতিবার পর্যন্ত চিত্রশালা, আলিয়ঁস ফ্রঁসেস, ছবিরহাট, ঢাকা আর্ট সেন্টার, দৃক গ্যালারি ও ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের লিচুতলায় প্রদর্শনী চলবে।
সমাপনী অনুষ্ঠানে শুরুতেই অনুষ্ঠিত হয় আর্টিস্ট’স টক। কথামালায় অংশ নেন অস্ট্রেলিয়ার প্রথিতযশা আলোকচিত্রী ম্যাক্স পাম। এরপর স্লাইড শোর মাধ্যমে উপস্থাপন করা হয় এবারের ছবিমেলার যাবতীয় আয়োজন। উত্সব পরিচালক আলোকচিত্রী শহীদুল আলমের সমাপনী বক্তব্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে দর্শকরা পরবর্তী ছবিমেলা নিয়ে নানা প্রতিপাদ্য উপস্থাপন করেন। তবে পরবর্তীতে ভোটের মাধ্যমে আগামী মেলার থিম নির্বাচনা করা হবে বলে জানান আয়োজক কর্তৃপক্ষ।
এবারের উত্সবের আওতায় অনুষ্ঠিত হয় পঁয়ত্রিশটি প্রদর্শনী। প্রদর্শনীতে অংশ নেন দেশের সাত তরুণ সৃষ্টিশীল আলোকচিত্রীসহ চব্বিশ দেশের খ্যাতিমান আলোকচিত্রীরা। উত্সবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৩০ জনেরও বেশি আন্তর্জাতিক সৃষ্টিশীল আলোকচিত্রী, আলোকচিত্র-সাংবাদিক বাংলাদেশের আলোকচিত্রীদের সঙ্গে মিলিত হন। বৈচিত্র্যময় উত্সবে কর্মসূচিতে ছিল প্যানেল ডিসকাশন, শিল্পী কথন, সেমিনার, গ্যালারি ওয়ার্ক ও স্লাইড শো। এর পাশাপাশি আয়োজন করা হয় আলোকচিত্র ও চলচ্চিত্র বিষয়ক বেশ কিছু কর্মশালা।
শিল্পকলার চিত্রশালা ছাড়াও ছবিমেলার প্রদর্শনীগুলো অনুষ্ঠিত হয় আলিয়ঁস ফ্রঁসেস, বেঙ্গল গ্যালারি, ছবিরহাট, ঢাকা আর্ট সেন্টার, দৃক গ্যালারি ও ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের লিচুতলায়। উত্সবের ব্যাপ্তি সর্বসাধারণের কাছে পৌঁছে দিতে রিকশাভ্যানে ভ্রাম্যমাণ প্রদর্শনীর ব্যবস্থা করা হয় রাজধানীজুড়ে। এবারের উত্সবে আজীবন সম্মাননায় ভূষিত করা হয় বাংলাদেশের বিজন সরকার ও মেক্সিকোর গ্রািসয়েলা ইতুরবিদেকে।
দুই সপ্তাহব্যাপী আন্তর্জাতিক মানের এ উত্সবে প্রদর্শিত হয় বিশ্বের বিভিন্ন সম্মাননা অর্জনকারী প্রখ্যাত আলোকচিত্রীদের ছবি। এদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের ইউজিন রিচার্ড, যুক্তরাজ্যের গিডিওন মেন্ডেল, নাইজেরিয়ার জেডি ওখাই ওজিকেরে, চীনের লু গুয়াং ও ঝাং হাই, মেক্সিকোর গ্রািসয়েলা ইতুরবিদে, অস্ট্রেলিয়ার ম্যাক্স পাম, ভারতের পাবলো বার্থোলোমিউ ও রিচার্ড বার্থোলোমিউ, বসনিয়ার জিয়া গেফিক ও ক্রোয়েশিয়ার সানড্রা ভিটালিক। এসব আলোকচিত্রীর সঙ্গে প্রদর্শিত হয় দেশের সৃষ্টিশীল তরুণ সাত আলোকচিত্রীর ছবি। এরা হলেন মোহাম্মদ আনিসুল হক, রফিকুল শুভ, রাসেল চৌধুরী, সাইফুল হক অমি, সামছুল আলম হেলাল, সরকার প্রতীক ও সুমন আহমেদ।
