গণধর্ষণ মামলার রায়

কাউখালীতে তিন জনের যাবজ্জীবন

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৩
কাউখালী উপজেলার একটি গণধর্ষণ মামলার রায়ে পিরোজপুরের জেলা দায়রা জজ তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাসের সশ্রম কারাদণ্ডেরও আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ১ নং নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক বিপ্লব গোস্বামীর আদালতে এ রায় ঘোষণা করা হয়। ২০০৭ সালের ২ মার্চ জেলার কাউখালী উপজেলার বৌলাকান্দা গ্রামের বাসিন্দা নিলুদাসের বাড়িতে রাতেরবেলায় তিন বখাটে যুবক পানি পানের কথা বলে ঘরের দরজা খুলতে বললে এক গৃহবধূ দরজা খোলার সাথে সাথে বখাটেরা তার ঘরের আলো (কুপি) নিভিয়ে তাকে গণধর্ষণ করে। ঘটনার পরদিন সে নিজে বাদী হয়ে থানায় মামলা করে। আসামিদের রেখে যাওয়া সাইকেল, গামছা, হাতঘড়ি দেখে স্থানীয় জনতা ঝালকাঠী জেলার গুয়াটন গ্রামের মৃত হেমায়েতউদ্দিনের ছেলে মাসুম, আ. জব্বারের ছেলে ইব্রাহীম ও আ. জলিলের ছেলে ইয়ামীনকে শনাক্ত করে। রায়ের সময় মাসুম (২৫) ও ইয়ামীন (২৭) আদালতে উপস্থিত থাকলেও ইব্রাহীম (২২) পূর্বে জামিন নিয়ে পলাতক রয়েছে। বাদীপক্ষে এই মামলা পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশুবিষয়ক পিপি আব্দুর রাজ্জাক খান বাদশা। আসামিপক্ষের আইনজীবী ছিলেন আহাসানুল কবির বাদল।