মনোহরগঞ্জে ইরি চারা সংকট

প্রতি মণ বিক্রি হচ্ছে ১২ হাজার টাকায়

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৪
কুমিল্লার মনোহরগঞ্জে ইরি চারা সংকটে বিপাকে পড়েছে কৃষক। জানা যায়, ইরি-বোরো মওসুমে বীজতলা তৈরির সময়ে মাঠে জলাবদ্ধতার কারণে উপযুক্ত সময়ে বীজতলা তৈরি করতে না পারায় এখানকার কৃষকরা এ সংকটে পড়েছে। সরেজমিনে উপজেলার হাসনাবাদ, বিপুলাসার, মান্দারগাঁও, আশিরপাড় ও মনোহরগঞ্জ বাজার ঘুরে দেখা যায়, চাহিদার তুলনায় পরিমাণে কম ইরি চারা বাজারে আসায় কৃষকদের চড়া মূল্য দিয়ে কিনতে হচ্ছে ইরি চারা। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, এ বছর ১ কেজি ধানের ইরি চারা কিনতে হচ্ছে ৩ থেকে সাড়ে ৩শ’ টাকায় যা গত বছরের তুলনায় ৩ গুণ বেশি। উপজেলার সালেপুর গ্রামের কৃষক বাবুল জানান, গত ২ সপ্তাহে ৩ বাজার ঘুরে ৩শ’ টাকা দরে ৮ কেজি ইরি ধানের চারা ক্রয় করেছি। শুধু চারা কিনতেই ২৪শ’ টাকা খরচ হয়েছে। হাল, সার, পানি, মজুরি খরচ দিয়ে কতটা পুষিয়ে নিতে পারবো তা নিয়ে চিন্তায় আছি। এদিকে কৃষকরা বর্গা চাষ না করায় অধিকাংশ গৃহস্থের জমি অনাবাদী রয়েছে। এতে বেকায়দায় পড়েছে জমি মালিকরা, চাষে আগ্রহ হারাছে কৃষকরা।