আতংকিত ৮ সহস্রাধিক পরিবার

দুই বছরে দাগনভূঞার ৩৯ প্রবাসী অফ্রিকায় খুন

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৬
দাগনভূঞা উপজেলায় গত ২ বছরে ৩৯ জন আফ্রিকা প্রবাসী কৃষ্ণাঙ্গদের হাতে খুন হয়েছে। এতে উপজেলার ৭২টি গ্রামের ৮ সহস্রাধিক আফ্রিকা প্রবাসীর পরিবারে আতংক বিরাজ করছে। শেষ সম্বল ভিটে-বাড়ি বিক্রি করে ৬/৭ লাখ টাকা খরচ করে মৃত্যু ঝুঁকিতে চোরা পথে পা বাড়িয়ে এসব বাংলাদেশিরা আফ্রিকা পাড়ি দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য ক্রমে আফ্রিকার কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা বাঙালিদের দোকানে লুটপাট চালায় এবং গুলি করে হত্যা করে। ২০১২ সালের ডিসেম্বর মাসে ইয়াকুবপুরের করমূল্যাপুর গ্রামের মৃত আসাদউল্যার ছেলে রফিক উল্যাকে দক্ষিণ আফ্রিকায় তার দোকানে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা লুটপাট চালানোর সময় বাধা দিলে গুলি করে হত্যা করে। উপজেলার দক্ষিণ চানপুরের ওজি উল্যার পুত্র হানিফকে ও গনিপুর গ্রামের আবুল হোসেনের পুত্র আনোয়ারকে একই কায়দায় কৃষ্ণাঙ্গরা গুলি করে হত্যা করে। সন্তানহারা এসব পরিবারে চলছে শোকের মাতম। বাকরুদ্ধ নিহতদের মা-বাবাকে কে দিবে সান্ত্বনা। ৮ সহস্র আফ্রিকা প্রবাসীর পিতা-মাতা প্রতিনিয়ত তাদের সন্তানদের খবর নিতে ব্যাকুল হয়ে থাকেন। একাধিক আফ্রিকা প্রবাসীর পিতা-মাতা ইত্তেফাককে জানান, কূটনৈতিক আলোচনার মাধ্যমে আফ্রিকা প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান।