সিরাজদিখানে ভরাট করে খাল দখল

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৭
সিরাজদিখান উপজেলার ইছামতি খালে চলাচলকারি নৌপথের যাত্রী ও নদী তীরবর্তী এলাকাবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে। কারণ সিরাজদিখান থেকে গুয়াখোলা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এ খালটির গুয়াখোলা অংশে এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তি জায়গায় জায়গায় অবৈধভাবে মাটি ভরাট করে বাঁধ দিয়ে সরকারি খাল দখল করে রেখেছে। ফলে খালটির এক অংশ বন্ধ হয়ে গেছে। বাঁধের কারণে পানি প্রবেশ করতে না পারায় কৃষক জমিতে পানি সেচ দিতে পারছে না। নৌ চলাচল বন্ধ হয়ে গেছে। গৃহস্থালীর কাজ-কর্ম ও গোসল করার পানিটুকু পর্যন্ত থাকে না। এছাড়া এক শ্রেণীর অবৈধ মত্স্য শিকারী প্রায় সারা খাল জুড়ে ঝোপ-ঝাড়, ও বাঁশ, খুঁটি পুঁতে রেখে কচুরিপানা আটকে রাখে । ফলে নৌ চলাচলে অসুবিধা ও দুর্ঘটনা বৃদ্ধি এবং এলাকাবাসীর খালের পানি ব্যবহারে দারুণ অসুবিধার সম্মুখীন হতে হয়।