ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শামীমা ফাতেমার হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্তরের জনগণ গতকাল বুধবার মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান টিটুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (অস্থায়ী) আতাউল করিম রাসেল। বক্তৃতা করেন ভাইটকান্দি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুজাউদৌলা, প্রধান শিক্ষক আব্দুল আহাদ প্রমুখ। নিহতের মা শেখ শহিদা বেগম ও ভাই সরদার হাজ্জাদ মাসুদ বক্তৃতার সময় কান্নায় ভেঙ্গে পড়েন। পরে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম ফেরদৌসের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, ৯ জানুয়ারি শামীমা ফাতেমা ৬ লাখ টাকাসহ বাসে ঢাকায় স্বামীর কাছে যাওয়ার পথে নিখোঁজ হয়। পরে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ উত্তর বাহেরচর গ্রামের সরিষা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে । পরে তার পরিবার ছবি দেখে লাশ শনাক্ত করে।
