ময়মনসিংহের নান্দাইল উপজেলার পৌরশহরসহ গ্রামাঞ্চলের সর্বত্র গলাকাটা আতংক ছড়িয়ে পড়েছে। আতংকের কারণে প্রাথমিক বিদ্যালগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। গ্রামের রাস্তাঘাটে অচেনা কাউকে দেখলেই শিশুদের গলা কেটে নেবে বলে সন্দেহ করা হচ্ছে। গুজবের ডালপালা এতটাই চাউর হয়েছে সোমবার রাত আটটার দিকে নান্দাইল পৌরসভার কাকচর, নাথপাড়া ও চারিআনি পাড়ায় শত শত লোককে দা, লাঠি নিয়ে গুজবের পেছনে ধাওয়া করতে দেখা গেছে। গত ২ ফেব্রুয়ারি নান্দাইলের দত্তপুর গ্রামের লোকজন শিশুদের গলা কেটে নিতে পারে সন্দেহে নরসিংদীর দুই যুবককে বেদম মারধর করে। পরে পুলিশ তাদের উদ্ধার করে। শহর কিংবা গ্রামের বাজারগুলোতে এই বিষয় নিয়ে আলোচনা করছে লোকজন। এসব গুজবের কারণে সবচেয়ে বিপাকে পড়েছে শিশুরা। ভয়ে তারা সন্ধ্যার পর ঘর থেকে বের হতে চাচ্ছে না। দিনেরপবলা একা বিদ্যালয়ে যেতে চাচ্ছে না। সাথে লোক দিতে হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম বলেন, গুজবে কান দিলে পুলিশের কি করার থাকে।
