আসছে ভালোবাসা দিবস উপলক্ষে ফয়সাল রাব্বিকীনের কথা ও উদ্যোগে লেজার ভিশনের ব্যানারে প্রকাশ পেতে যাচ্ছে দ্বৈত গানের অ্যালবাম ‘লাভ ডুয়েটস’। এই অ্যালবামে গান গেয়েছেন এই প্রজন্মের ১৫ জন জনপ্রিয় শিল্পী। অ্যালবামের শিল্পীরা হলেন—নির্ঝর, মাহমুদ সানী, পূজা, বেলাল খান, কাজী শুভ, নাওমি, প্রিয়াংকা গোপ, আর্নিক, ইবরার টিপু, পুলক, শশী, চম্পা বণিক, চৈতি মুত্সদ্দি, রাজু ও ফাজবির তাজ। অ্যালবামে বেলাল খান ও কাজী শুভ দুটি গানের সুর করেছেন। বাকি গানগুলোর সুর-সংগীতায়োজন করেছেন সজীব দাশ, তানভীর তারেক, মাহমুদ সানী, ইবরার টিপু, রাকিব মোসাব্বির, মুশফিক লিট ও অয়ন চাকলাদার। এর আগে বিভিন্ন অ্যালবামে ফয়সালের বেশ কিছু গান শ্রোতাপ্রিয়তা পায়। কিন্তু এটাই তার আয়োজনের প্রথম অ্যালবাম, যার সবগুলো গান তিনি লিখেছেন। ‘লাভ ডুয়েটস’ নামক এই অ্যালবামে গান রয়েছে মোট ৯টি। ফয়সাল রাব্বিকীন বলেন, ‘বেশ সময় নিয়ে আসলে অ্যালবামের পরিকল্পনা ও সে অনুযায়ী কাজ করেছি। ভালোবাসা দিবস বলে অ্যালবামের সব গানই রোমান্টিক। তবে একাধিক সুর-সংগীতায়োজক গানগুলো করেছেন। তাই প্রতিটি গানেই ভিন্নতার ছোঁয়া পাওয়া যাবে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’
